সরকার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে। শিগগিরই এমপিওভুক্তির জন্য নতুন করে আবেদন আহ্বান করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, দেশে নৈতিক শিক্ষার অবক্ষয় ঠেকাতে প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টি মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে। এ ক্ষেত্রে শুধু ইসলাম শিক্ষা নয়, অন্যান্য ধর্মের শিক্ষকদেরও নিয়োগ দেওয়া হবে।
তিনি আরও জানান, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিয়ম-কানুনের আওতায় আনতে একটি কমিটি গঠন করা হয়েছে।
সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন–এর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে সরকার প্রয়োজনীয়তা যাচাই করে সিদ্ধান্ত নেবে। বর্তমানে দেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সেগুলোর মানোন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এমপিওভুক্তির জন্য নতুন আবেদন নেওয়ার পাশাপাশি আগের আবেদনগুলোও পুনরায় যাচাই-বাছাই করা হবে।
এর আগে সকাল ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ–এর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
Mily








