ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত নয় : স্পিকার

প্রকাশিত: ১৭:৩৮, ১৫ মার্চ ২০২৬

সংসদে দেখে দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত নয় : স্পিকার

জাতীয় সংসদে লিখিত বক্তব্য দেখে পড়ে শোনানো সংসদের প্রচলিত রেওয়াজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি সংসদ সদস্যদের নোট ব্যবহার করলেও সরাসরি কাগজ থেকে পড়ে না বলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

রোববার (১৫ মার্চ) সকাল ১১টার পর সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময় তিনি এ মন্তব্য করেন। ওই সময় জামায়াতের সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী এবং ইসলামী আন্দোলনের সংসদ সদস্য অলি উল্লাহ লিখিত বক্তব্য থেকে বক্তব্য উপস্থাপন করলে স্পিকার তাদের দৃষ্টি আকর্ষণ করেন।

মাসুদ বিন সাঈদীকে উদ্দেশ করে স্পিকার বলেন, সংসদে সরাসরি কাগজ দেখে বক্তব্য দেওয়া অনুমোদিত নয়। প্রয়োজন হলে নোট রাখা যেতে পারে, তবে সদস্যদের মাঝে মাঝে নোট দেখে আবার সংসদের দিকে তাকিয়ে বক্তব্য দেওয়া উচিত—এটাই সংসদের প্রচলিত রীতি।

পরে একই বিষয়ে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য অলি উল্লাহকেও সতর্ক করেন স্পিকার। তিনি বলেন, সংসদে লিখিত বক্তব্য পাঠ করার আগে স্পিকারের পূর্বানুমতি নেওয়ার বিধান রয়েছে। তাই সদস্যদের না দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস করা উচিত।

এর আগে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী বলেন, পিরোজপুরের মানুষ তাকে যে আস্থা ও দায়িত্ব দিয়ে সংসদে পাঠিয়েছেন, সেই আমানতের মর্যাদা রক্ষায় তিনি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তিনি তার পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর আদর্শ অনুসরণ করে এলাকায় উন্নয়ন এবং দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেন।

বক্তব্যে তিনি ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন। পাশাপাশি শিক্ষা ও বিচার বিভাগের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান।

তিনি দাবি করেন, গত ১৫ বছরে সড়ক ও জনপথ বিভাগে বিপুল পরিমাণ অর্থ দুর্নীতির মাধ্যমে অপচয় হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এ পরিস্থিতি মোকাবিলায় দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

এছাড়া সরকারি সুযোগ-সুবিধা ও শুল্কমুক্ত গাড়ি ব্যবহারের সংস্কৃতি সীমিত করার বিষয়েও মত দেন তিনি।

সংবিধান সংস্কার প্রসঙ্গেও বক্তব্য দেন মাসুদ বিন সাঈদী। তিনি বলেন, বিএনপি এখনো সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘জুলাই আবেগ নয়’ মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জুলাই কেবল আবেগ নয়, এটি দেশের রাজনৈতিক বাস্তবতার অংশ। তাই এ বিষয়টিকে অবমূল্যায়ন করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

Mily

×