ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

২ বছরের আগে বাড়ানো যাবে না বাড়ি ভাড়া

প্রকাশিত: ১৩:১৯, ২০ জানুয়ারি ২০২৬

২ বছরের আগে বাড়ানো যাবে না বাড়ি ভাড়া

ছ‌বি: সংগৃহীত

ঢাকা শহরে প্রতি বছরের শুরুতে বাড়ি ভাড়া বাড়ানোর প্রচলন থাকলেও এখন থেকে দুই বছরের আগে বাড়ি ভাড়া বাড়ানো যাবে না। এই নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) গুলশান-২ এর নগর ভবনে সংবাদ সম্মেলনে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, বাড়ি ভাড়া বৃদ্ধির সময় হবে নির্দিষ্ট অর্থবছরের জুন-জুলাই। এছাড়া বাড়ি ভাড়ার ওপর ভিত্তি করে যে কর দেওয়া হয়, সেই হারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া বৃদ্ধি করতে হবে।

নির্দেশিকায় বাড়িওয়ালাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। বাড়িটি বসবাসের উপযোগী রাখতে হবে, ইউটিলিটি সেবা (গ্যাস, বিদ্যুৎ, পানি) নিশ্চিত করতে হবে এবং দৈনন্দিন গৃহস্থালি বর্জ্য সংগ্রহ করতে হবে। এছাড়া বাড়ির ছাদ, বারান্দা ও উন্মুক্ত স্থানে সবুজায়নের সুযোগ থাকবে। নিরাপত্তার জন্য বাড়িওয়ালা ভাড়াটিয়াকে ছাদ ও মূল গেইটের চাবি শর্তসাপেক্ষে দেবেন।

ভাড়াটিয়াদের জন্যও নির্দিষ্ট নিয়ম আছে। মাসের ১০ তারিখের মধ্যে ভাড়া দিতে হবে এবং লিখিত রশিদ সংগ্রহ করতে হবে। বাড়িতে ভাড়াটিয়ার প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে, আর বাড়িওয়ালা কোনো নিরাপত্তা বা পরিবর্তনমূলক পদক্ষেপ নিলে ভাড়াটিয়াকে আগে জানাতে হবে।

নির্ধারিত ভাড়া দুই বছরের জন্য কার্যকর থাকবে এবং দুই বছরের আগে বাড়ানো যাবে না। পরে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ভাড়া পরিবর্তন করা সম্ভব। এছাড়া, বার্ষিক ভাড়া বাড়ি বাজার মূল্যের ১৫ শতাংশের বেশি হতে পারবে না। অগ্রিম ভাড়া সর্বাধিক ১-৩ মাস নেওয়া যাবে।

স্থানীয় পর্যায়ে ওয়ার্ড ভিত্তিক বাড়িওয়ালা ও ভাড়াটিয়া সমিতি গঠন করা হবে, যা সালিশ ও বিবাদ সমাধানের দায়িত্বে থাকবে। নির্দেশনা অনুযায়ী কোনো সমস্যা সমাধান না হলে সিটি করপোরেশনের আঞ্চলিক কর্মকর্তা বিষয়টি দেখবেন। সব মিলিয়ে, নতুন নির্দেশিকা ভাড়াটিয়ার অধিকার নিশ্চিত ও বাড়ি ভাড়া বৃদ্ধিকে নিয়ন্ত্রণের জন্য কার্যকর পদক্ষেপ হিসেবে ধরা হয়েছে।

এ.এইচ

×