সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কিছু আর্থিক সুবিধা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, সরকার শিগগিরই নতুন পে-স্কেল চালুর উদ্যোগ নিচ্ছে এবং বকেয়া ভর্তুকির অর্থও পরিশোধ করা হচ্ছে।
তবে রাজস্ব আয়ে কাঙ্ক্ষিত অগ্রগতি না থাকায় বাড়তি ব্যয়ের অর্থসংস্থান নিয়ে সরকার উদ্বিগ্ন এমন সংবাদ কিছু গণমাধ্যমে প্রকাশ পেলেও তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (৭ অক্টোবর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “অর্থনীতি এখন তুলনামূলকভাবে স্বস্তিকর অবস্থায় রয়েছে। তবে দারিদ্র্য বিমোচনসহ কিছু ক্ষেত্রে এখনও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। সরকার খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমাতে কাজ করছে। যদিও পরিস্থিতি আগের চেয়ে ভালো, কাঙ্ক্ষিত মাত্রায় নামতে আরও কিছুটা সময় লাগবে।”
এসময় তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন করে গম ও চাল আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থ উপদেষ্টা বলেন, “আমরা সবসময় চালের ব্যাপারে সতর্ক। এবার যুক্তরাষ্ট্র থেকে ৫০ হাজার মেট্রিক টন গম এবং ভারত থেকে সমপরিমাণ নন-বাসমতি চাল আনা হবে।”
চাল আমদানির কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমরা আগেভাগেই খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ নিশ্চিত করতে চাই, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত কারণে বোরো মৌসুমের ধান সংগ্রহে বিঘ্ন ঘটলেও চাল, গম, লবণ বা পেঁয়াজের মতো প্রয়োজনীয় পণ্যে ঘাটতি না হয়।”
তিনি আরও জানান, বর্তমানে দেশে চালের কোনো সংকট নেই, তবে সরকারি গুদামে পর্যাপ্ত মজুদ থাকলে তা অর্থনৈতিকভাবে সুবিধাজনক। এছাড়া খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রমও ট্রাকের মাধ্যমে পুনরায় শুরু করা হয়েছে।
আসন্ন বিদেশ সফর প্রসঙ্গে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “এটি মূলত একটি ফলো-আপ বৈঠক; এখানে নতুন কোনো আলোচনার বিষয় নেই।”
Jahan








