ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

ভারত ভ্রমণে নতুন নিয়ম চালু

প্রকাশিত: ১৮:০১, ৭ অক্টোবর ২০২৫

ভারত ভ্রমণে নতুন নিয়ম চালু

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতগামী যাত্রী চলাচল আশঙ্কাজনকভাবে কমে গেছে। ভিসা জটিলতা, নতুন অনলাইন নিয়ম এবং সার্ভার সমস্যার কারণে যাত্রী সংখ্যা ২০ শতাংশের নিচে নেমে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভারতীয় দূতাবাস ১ অক্টোবর থেকে পাসপোর্টধারী সকল যাত্রীর জন্য অনলাইনে আগমন ফর্ম পূরণ বাধ্যতামূলক করেছে। ভ্রমণের অন্তত ৭২ ঘণ্টা আগে “ইন্ডিয়ান ভিসা অনলাইন অ্যারাইভাল” ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে প্রিন্ট কপি সঙ্গে নিতে হচ্ছে। কিন্তু যাত্রীরা অভিযোগ করেছেন, সার্ভার সচল না থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, পাশাপাশি অতিরিক্ত খরচও গুনতে হচ্ছে।

বেনাপোল বন্দরে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাচ্ছিলেন সুনিতা পাল নামের এক যাত্রী। তিনি বলেন, “স্ত্রীর চিকিৎসার জন্য যাচ্ছিলাম। নতুন ফর্ম পূরণ করতে ১০০ টাকা খরচ করতে হয়েছে। সার্ভার না থাকায় এক ঘণ্টা বসে থাকতে হয়েছে।”
আরেক যাত্রী উজ্জ্বল কুমার ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভিসা পেতে ১৮ হাজার টাকা খরচ হয়েছে। নিয়মের জটিলতায় ভোগান্তির শেষ নেই। না হয় ভিসা সহজ করুক, না হয় বন্ধ করে দিক।”

উল্লেখযোগ্যভাবে, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক অস্থিরতার কারণ দেখিয়ে ভারত সরকার টুরিস্ট, বিজনেস ও স্টুডেন্ট ভিসা বন্ধ করে দেয়। বর্তমানে শুধুমাত্র মেডিকেল ভিসা চালু আছে, সেটিও নানা শর্তে জটিল হয়ে পড়েছে। পাশাপাশি ভিসা ও ভ্রমণ ফি প্রায় দ্বিগুণ হওয়ায় অনেকেই ভারত সফর থেকে বিরত থাকছেন।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, “ভিসা ইস্যু কমে যাওয়ায় পাসপোর্টধারী যাত্রীও উল্লেখযোগ্যভাবে কমেছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তিন দিনে মাত্র ৩,৭৮১ জন যাতায়াত করেছেন। আগে প্রতিদিন ৮ থেকে ১০ হাজার যাত্রী যেতেন, এখন তা ১,০০০ এর নিচে।”

নতুন নিয়ম, সার্ভার জটিলতা ও ভিসা সংকটে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যস্ত স্থলবন্দর বেনাপোলে এখন নেমে এসেছে নিস্তব্ধতা।

Jahan

×