ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

নতুন দুটি বেসরকারি টিভি চ্যানেলের অনুমোদন দিল সরকার

প্রকাশিত: ১৫:২১, ৭ অক্টোবর ২০২৫

নতুন দুটি বেসরকারি টিভি চ্যানেলের অনুমোদন দিল সরকার

ছবি: সংগৃহীত।

অন্তর্বর্তী সরকার নতুন দুটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে। অনুমোদন পাওয়া দুটি চ্যানেল হলো ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৪ জুন ‘নেক্সট টিভি’ চ্যানেলের অনুমোদন দেওয়া হয়। এটি ‘৩৬ মিডিয়া লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের মালিকানায় থাকবে। প্রতিষ্ঠানটির ঠিকানা পুরান ঢাকার গেন্ডারিয়ার করাতিটোলা লেনে। এর ব্যবস্থাপনা পরিচালক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, চ্যানেলটির পরিচালনা পর্ষদে রয়েছেন বগুড়ার বিএনপির সাবেক সংসদ সদস্য এ কে এম হাফিজুর রহমানের ছেলে এ কে এম গোলাম হাসনাইন, যিনি বর্তমানে সৌদি আরবপ্রবাসী ও সৌদি আরব (পূর্বাঞ্চল) বিএনপির সভাপতি।

অন্যদিকে, ‘লাইভ টিভি’ অনুমোদন পেয়েছে গত ১৪ জুলাই। এই চ্যানেলের মালিকানায় রয়েছেন আরিফুর রহমান, যার প্রতিষ্ঠান ‘মিনার্ভা মিডিয়া লিমিটেড’ গুলশান-১-এর ১৪৩ নম্বর সড়কে অবস্থিত। তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য ছিলেন, তবে এনসিপিতে যোগ দেননি বলে জানা গেছে।

বর্তমানে দেশে মোট ৫০টি বেসরকারি টিভি চ্যানেল অনুমোদিত রয়েছে। এর মধ্যে ৩৬টি পূর্ণ সম্প্রচারে আছে, আর ১৪টি সম্প্রচারের অপেক্ষায় রয়েছে। এছাড়া দেশে ১৫টি অনুমোদিত আইপি টিভি (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) রয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, বাংলাদেশের যেকোনো নাগরিক বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলের অনুমোদনের জন্য আবেদন করতে পারেন। আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, প্রতিষ্ঠানের গঠনতন্ত্র (আর্টিকেল অব মেমোরেন্ডাম), সার্টিফিকেট অব ইনকরপোরেশন, ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, ব্যাংক সলভেন্সি সনদ, প্রকল্প প্রস্তাব এবং ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা জমা দিতে হয়।

আবেদন যাচাই শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে তথ্য মন্ত্রণালয় লাইসেন্স প্রদান করে। এরপর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে ‘ফ্রিকোয়েন্সি ক্লিয়ারেন্স’ নিতে হয়। সংশ্লিষ্ট মহলের সবুজ সংকেত পেলে চ্যানেলগুলো সম্প্রচারের অনুমতি পায়।

এম.কে

×