সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড
সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে দায়ীদের খুঁজে বের করতে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিকে তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিক্যাল বিভাগের একজন অধ্যাপকের নেতৃত্বে কমিটি গঠন করতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সচিবকে এ নির্দেশ দিয়েছেন আদালত।
অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত-আহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেছেন হাইকোর্ট। মামলার বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (১০ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব।
এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে আহতদের চিকিৎসার জন্য ৫০ লাখ টাকা প্রদান ও ঘটনার তদন্ত চাওয়া হয়।
বিএম কনটেইনার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ ২০ জনকে রিটে বিবাদী করা হয়।
গত ৪ জুন রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার ঘণ্টা খানেকের মধ্যে ভয়ংকর বিস্ফোরণ ঘটে। এতে প্রায় ৪৪ জনের মৃত্যু হয়। আহত হন অনেকে।
এসআর








