যশোরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শহরের কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়। এছাড়াও ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে একই স্থানে সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক মো. ইকরামুল ইসলাম শাওন প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদ ও ঈদগাহের জামাতের এই সময়সূচি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম জামাত সকাল ৭টা ৪৫ মিনিটে এবং শেষ জামাত সকাল ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। পুলিশ লাইন জামে মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমিনিয়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদেও দুটি জামাত অনুষ্ঠিত হবে; প্রথমটি সকাল ৮টায় এবং দ্বিতীয়টি সকাল ৯টায়।
এ ছাড়া সকাল ৮টায় একযোগে জামাত অনুষ্ঠিত হবে কারবালা জামে মসজিদ, চাঁচড়া ডালমিল জামে মসজিদ, ওয়াপদা কলোনী জামে মসজিদ, আশ্রম রোডের বায়তুল মামুর জামে মসজিদ, রেলরোড আল মসজিদুল আকসা, শংকরপুর গোলপাতা জামে মসজিদ, যশোর সদর উপজেলা পরিষদ জামে মসজিদ, মাইকপট্টির বায়তুস সালাম জামে মসজিদ এবং উপশহর কেন্দ্রীয় ঈদগাহে।
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ঈদের নামাজকে ঘিরে প্রয়োজনীয় দিকনির্দেশনা ইতোমধ্যে সংশ্লিষ্ট ইমাম, খতিব ও মসজিদ কমিটির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। খুতবায় ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধের গুরুত্ব তুলে ধরার জন্য বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে। অন্যদিকে, ঈদের জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীও প্রস্তুত রয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বিতভাবে কাজ করছে। গুরুত্বপূর্ণ ঈদগাহ ও বড় মসজিদগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
রাজু








