প্রচ্ছদপ্রেম
জসীম উদ্দীন মুহম্মদ
ছোট ছোট দুঃখ যদি কবিতার নদী হতে পারে
তাহলে বেদনা সাগর হতে কি দোষ......?
অনেকদিন পর আজ আমার কোনো হুঁশ নেই
বালিয়াড়িতে যেমন ছিলাম, এখনও আছি সেই!
কাউকে কোনোদিন বলিনি প্রচ্ছদপ্রেম আর
প্রণয় আলাদা কিছু নয়..
সালাম, বরকত, বর্ণমালার চেয়ে পৃথক কিছু নয়
তবুও শিমুলের রঙ মেখে কয়জনের হুঁশ হয়?
** যুদ্ধ নয় ভালোবাসা
মোহাম্মদ আবদুল মান্নান
আমি নিশ্চিত করে বলতে পারি
যুদ্ধ নয়
অবশেষে ভালোবাসার জয় সুনিশ্চিত
ভালোবাসার নেই পরাজয়
ক্রোধ, হিংসা, দ্রোহের পতন অনিবার্য
আমার ভালোবাসার তীব্রতায়
তোমাকে উত্তাপ ছড়াবে
শীতের সকালে ঈষদুষ্ণ জলে
অবগাহনের মতোই।
** রংধনুর ছায়াশিল্প
দেলোয়ার হোসেন
ছায়ারও শোভা আছে
অশ্রæ মেঘের যেমন হাসি
বিষাদ কুসুম ঝরে
রংধনুর লাবণ্যে
ফুটে ওঠে কষ্টের রংধনু
নির্বাক ছায়ারা দুঃখ আঁকে
কিছু বলার থাকে না
দুঃখ আজীবন বহতা নদীর মতো
নববধুর ঘোমটা পড়া ছায়া
একদিন দুঃখ লেখে ! যাপিত সংসারে।








