ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রতিদিন আদা পানি পান করা মানেই কি সব সমস্যার সমাধান!

প্রকাশিত: ২১:০৩, ৪ ডিসেম্বর ২০২৫

প্রতিদিন আদা পানি পান করা মানেই কি সব সমস্যার সমাধান!

রাতে এক কাপ উষ্ণ আদা পানি আমাদের রান্নাঘরের এমন এক সহজ উপাদান, যা নীরবে বহু উপকার করে গেলেও প্রাপ্য কৃতিত্ব খুব কমই পায়। সাধারণত ঠান্ডা লাগা বা কাশি হলে আমরা আদার কথা মনে করি। অথচ শতাব্দীর পর শতাব্দী ধরে আদা হজমে সহায়তা, অস্বস্তি প্রশমিত করা এবং ক্লান্তিকর দিনের শেষে শরীরকে ভারসাম্য দিতে ব্যবহৃত হয়ে আসছে।

বিশেষজ্ঞদের মতে, রাতে নিয়মিত আদা পানি পান করলে শরীর হালকা হয়, হজমশক্তি বাড়ে এবং ভালো ঘুম নিশ্চিত হয়। চলুন জেনে নেওয়া যাক, নিয়মিত আদা পানি পান করলে শরীরে কী কী পরিবর্তন ঘটে—

১. হজম প্রক্রিয়া মসৃণ করে

২০২৫ সালে ‘ক্লিনিক্যাল নিউট্রিশন ওপেন সায়েন্স’-এ প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী, আদায় থাকা জিঞ্জেরল হজমকারী এনজাইম সক্রিয় করে এবং পাকস্থলীতে খাবার প্রক্রিয়াকরণের গতি বাড়ায়। নিয়মিত আদা পানি পান করলে গ্যাসের সমস্যা কমে, মলত্যাগ সহজ হয় এবং সকালে পেট ফাঁপার প্রবণতা হ্রাস পায়। একই সঙ্গে এটি অন্ত্রের প্রদাহও কমাতে সাহায্য করে।

২. প্রতিদিনের প্রদাহ কমায়

আদার প্রদাহ-বিরোধী গুণ দীর্ঘ সময় কাজ করা, অনিয়মিত খাবার খাওয়া বা দীর্ঘক্ষণ বসে থাকার কারণে সৃষ্ট অস্বস্তি কমাতে সহায়তা করে। ২০২২ সালের একটি গবেষণায় দেখা গেছে, আদা পেশীর ক্লান্তি প্রশমিত করতে, হালকা ব্যথা কমাতে এবং শরীরের অক্সিডেটিভ স্ট্রেস হ্রাসে কার্যকর ভূমিকা রাখে। নিয়মিত আদা গ্রহণ শরীরের প্রাকৃতিক পুনরুদ্ধার প্রক্রিয়াকেও সক্রিয় রাখে।

৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

আদায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করতে সহায়তা করে। নিয়মিত আদা পানি পান করলে গলার জ্বালা কমে, ঠান্ডা লাগার আগের অস্বস্তিকর চুলকানি প্রশমিত হয় এবং ঋতু পরিবর্তনের সময় সুস্থ থাকা সহজ হয়। যদিও এটি কোনো ওষুধের বিকল্প নয়, তবে সুষম খাদ্যের একটি কার্যকর পরিপূরক হতে পারে।

৪. রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে

২০১৫ সালের একটি গবেষণা অনুযায়ী, আদা শরীরের গ্লুকোজ ব্যবহারের পদ্ধতি উন্নত করতে সহায়তা করে। রাতে আদা পানি পান করলে খাবারের পর রক্তে শর্করার হঠাৎ ওঠানামা কিছুটা নিয়ন্ত্রণে থাকে। এতে রাতের বেলা অতিরিক্ত খাবারের প্রবণতা কমে এবং সকালে ঘুম থেকে ওঠার পর হঠাৎ ক্ষুধা বেড়ে যাওয়ার সমস্যাও কম হতে পারে।

৫. ভালো ঘুমে সহায়ক

আদা সরাসরি ঘুমের ওষুধ না হলেও এটি হজমের চাপ কমিয়ে শরীরকে স্বাভাবিকভাবে শিথিল হতে সাহায্য করে। পেট হালকা থাকলে দেহ-মন প্রশান্ত থাকে এবং এতে গভীর ও নির্বিঘ্ন ঘুম নিশ্চিত হয়। হজমের উন্নতি ও অস্বস্তি কমার ধারাবাহিক প্রভাব ঘুমের মান বাড়াতে সহায়তা করে।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন রাতে এক কাপ উষ্ণ আদা পানি পান করার অভ্যাস শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে যাদের গ্যাস্ট্রিক আলসার, অতিরিক্ত রক্তপাতের সমস্যা বা বিশেষ কোনো শারীরিক জটিলতা রয়েছে, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে আদা গ্রহণ করাই উত্তম।
 

শেখ ফরিদ 

×