ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কংগ্রেসের ডেমোক্র্যাট দলীয় মুসলিম নারী সদস্য ইলহান ওমর। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে আয়োজিত একটি টাউন হল সভায় বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত ওই সভায় তিনি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ভূমিকার কঠোর সমালোচনা করছিলেন বলে জানিয়েছে বিবিসি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বক্তব্য চলাকালে এক অজ্ঞাত ব্যক্তি মঞ্চের দিকে এগিয়ে এসে ওমরের পডিয়ামের দিকে একটি স্বচ্ছ তরল স্প্রে করে। তবে সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা হস্তক্ষেপ করে হামলাকারীকে আটক করে। এতে ইলহান ওমর কিছুটা আতঙ্কিত হলেও তিনি কোনো শারীরিক আঘাত পাননি।
হামলার পরও বক্তব্য বন্ধ না করে সাহসিকতার সঙ্গে আবার কথা বলা শুরু করেন কংগ্রেস সদস্য ওমর। তিনি বলেন, ‘আমরা কথা বলতে থাকব। আমাকে শুধু দশ মিনিট সময় দিন। আমি কাউকে আমাকে থামাতে দেব না।’
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। একজন সারভাইভার হিসেবে এ ধরনের উসকানি তাকে তার দায়িত্ব পালন থেকে বিরত রাখতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি।
ঘটনার পর মিনিয়াপলিস পুলিশ ও নিরাপত্তা সংস্থা ৫৫ বছর বয়সী অ্যান্থনি জেমস ক্যাজমিয়ার্জ্যাক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনার প্রতিক্রিয়ায় ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্টেজ বলেন, দুঃখজনকভাবে এ ধরনের হামলা এখন প্রায় নিয়মিত হয়ে উঠেছে। তার মতে, প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাম্প্রতিক বক্তব্য ও সমালোচনার প্রেক্ষাপটেই এমন ঘটনা ঘটছে।
এদিকে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিক অধিকার সংগঠন সিএআইআর হামলার নিন্দা জানিয়ে বলেছে, এটি বর্ণবাদী ও ইসলামফোবিক উসকানির ফল।
সোমালি বংশোদ্ভূত ইলহান ওমর দীর্ঘদিন ধরেই ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক হিসেবে পরিচিত। মিনিয়াপলিসভিত্তিক এই কংগ্রেস সদস্যকে লক্ষ্য করে ট্রাম্প অতীতে একাধিকবার ইসলামবিদ্বেষী ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেছেন। বিশেষ করে সোমালি সম্প্রদায়কে ঘিরে ট্রাম্পের বক্তব্যের বিরুদ্ধে ইলহান ওমর সরব ছিলেন।
উল্লেখ্য, গত বছর ট্রাম্প প্রকাশ্যে সোমালি সম্প্রদায়কে অবমাননাকর ভাষায় আক্রমণ করেন, যা নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছিল।
এ.এইচ








