শুধু বই, ক্লাস আর পরীক্ষার মধ্যেই ছাত্রজীবন আটকে নেই সময় বদলেছে, বদলেছে ভাবনাও। আজকের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা, উদ্যোক্তা দক্ষতা আর অতিরিক্ত আয়ের পথ খুঁজছেন। ডিজিটাল বিপ্লব, ই–কমার্সের বিস্তার আর সেবা–ভিত্তিক ব্যবসার প্রসার এই প্রজন্মকে দিচ্ছে নতুন স্বপ্ন ও সম্ভাবনা। ফলে খুব কম পুঁজিতেই ছাত্রজীবনে শুরু করা একটি ছোট উদ্যোগ ভবিষ্যতে বড় ব্যবসায় পরিণত হওয়া এখন আর স্বপ্ন নয় এটি বাস্তবতা।
নিচে দেওয়া হলো ছাত্রজীবনে সহজেই শুরু করা যায় এমন ৮টি সম্ভাবনাময় ব্যবসা, যেগুলো দিয়ে আয় যেমন হবে, তেমনি তৈরি হবে বাস্তব অভিজ্ঞতা ও উদ্যোক্তা দক্ষতা।
১. অনলাইন রিসেলিং বা ছোট ই–কমার্স ব্যবসা
ফেসবুক বা ইনস্টাগ্রামে একটি পেজ খুলে পোশাক, বই, কসমেটিকস বা হ্যান্ডমেড সামগ্রী বিক্রি এখন ব্যাপক জনপ্রিয়। ড্রপশিপিং থাকলে পণ্য হাতে রাখারও প্রয়োজন নেই, ফলে বিনিয়োগ ও ঝুঁকি দুটোই কম।
২. টিউশন বা ছোট টিউশন সেন্টার
একাই টিউশনের পাশাপাশি দুই–তিনজন মিলে ‘টিউশন সেন্টার’ চালালে আয় বাড়ে, পাশাপাশি নিজের বিষয়েও দক্ষতা গভীর হয়।
৩. গ্রাফিক ডিজাইন ও ডিজিটাল সার্ভিস
গ্রাফিক্স, ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কিংবা মোশন গ্রাফিক্স—এই স্কিল শিখলেই অনলাইন মার্কেটপ্লেসে কাজ পাওয়া সম্ভব। চাইলে বিশ্ববিদ্যালয়পাড়ায় ছোট স্টুডিও খুলে ডিজাইন ও প্রিন্টিং সার্ভিসও চালানো যায়।
৪. কন্টেন্ট ক্রিয়েশন ও সোশ্যাল মিডিয়া ব্যবসা
ইউটিউব, ফেসবুক, টিকটক যে মাধ্যমেই নিয়মিত মানসম্মত কন্টেন্ট তৈরি করা যায়, সেখান থেকেই আয় সম্ভব। স্পনসরশিপ, অ্যাড রেভিনিউ ও প্রোডাক্ট প্রমোশন মিলিয়ে এটি দীর্ঘমেয়াদি ব্যবসা হয়ে উঠতে পারে।
৫. ফুড–বেইজড মাইক্রো বিজনেস
কেক, স্ন্যাক্স বা বাসায় তৈরি খাবার বিশ্ববিদ্যালয়ের আশপাশে এসব পণ্যের চাহিদা সবসময় থাকে। ছোট রান্নাঘর, ভালো প্যাকেজিং আর অনলাইন অর্ডার দিয়ে শুরু করলেই চলবে।
৬. ইভেন্ট ম্যানেজমেন্ট ও ফটোগ্রাফি
সেমিনার, ক্লাব ফেস্ট, ওরিয়েন্টেশন এসব আয়োজন পরিচালনায় শিক্ষার্থীরাই বড় ভূমিকা রাখতে পারেন। ফটোগ্রাফি ও ভিডিও কভারেজ যুক্ত হলে আয় আরও বাড়ে।
৭. অ্যাপ–ভিত্তিক বা ক্যাম্পাস সার্ভিস
প্রিন্টিং–স্টেশনারি থেকে শুরু করে নোট সরবরাহ বা খাবার ডেলিভারি—ক্যাম্পাসে এসব সেবা দিয়ে নিশ্চিত আয় করা সম্ভব। কিছু বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা নিজেদের ডেলিভারি অ্যাপও চালাচ্ছেন।
৮. লেখালেখি, অনুবাদ ও একাডেমিক সার্ভিস
কনটেন্ট রাইটিং, অনুবাদ, অ্যাসাইনমেন্ট–গাইডলাইন বা থিসিস প্রুফরিডিং দক্ষতা থাকলে ফ্রিল্যান্স কাজ পাওয়া সহজ। সময় অনুযায়ী কাজ নেওয়া যায়, ফলে পড়াশোনার ক্ষতিও হয় না।
ছাত্রজীবনে ব্যবসা শুরু করার সবচেয়ে বড় সুবিধা হলো ঝুঁকি কম, সুযোগ বেশি। সামান্য সৃজনশীলতা, সময় ব্যবস্থাপনা আর আগ্রহ থাকলে আজই একটি ছোট উদ্যোগ ভবিষ্যতে বড় সাফল্যের পথে নিয়ে যেতে পারে। অনেক বড় উদ্যোক্তার যাত্রাই শুরু হয়েছিল ঠিক এভাবেই, ছাত্রজীবনের ছোট একটি সাহসী পদক্ষেপ থেকে।
আফরোজা








