স্বল্প আয়ের মানুষের ঘর নির্মাণের স্বপ্নপূরণে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি)। সংস্থাটি ‘স্বপ্ননীড়’ নামের নতুন পণ্য চালু করেছে, যার আওতায় মাত্র ৩ লাখ টাকা বিনিয়োগেই পাওয়া যাবে সর্বোচ্চ ২৭ লাখ টাকা পর্যন্ত ঋণ।
এই ঋণের মাধ্যমে এক হাজার বর্গফুট পর্যন্ত গৃহ নির্মাণ করা যাবে। পণ্যটি আনুষ্ঠানিকভাবে চালু হয় ১৯ মার্চ রাজধানীর বিএইচবিএফসি ভবনে।
ন্যূনতম বিনিয়োগ ও কিস্তি হিসাব
ঋণগ্রহীতার নিজস্ব তহবিলে ন্যূনতম ১০ শতাংশ অর্থ থাকতে হবে। অর্থাৎ ৩ লাখ টাকা থাকলেই মিলবে ২৭ লাখ টাকার ঋণ।
সুদহার নির্ভর করবে এলাকায় অবস্থানের ওপরঃ
ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের বাইরে: বার্ষিক সুদ ৮%, ২৫ বছরে প্রতি লাখে মাসিক কিস্তি ৭৭১.২০ টাকা।
ঢাকা ও চট্টগ্রাম সিটির মধ্যে: বার্ষিক সুদ ৯%, ২৫ বছরে প্রতি লাখে মাসিক কিস্তি ৮৩৯.২০ টাকা।
অতিরিক্ত ঋণের সুযোগ
‘স্বপ্ননীড়’ প্রকল্পে বহুতল ভবনের একক ইউনিট নির্মাণের জন্যও আরও একটি ঋণ নেওয়ার সুযোগ রয়েছে। এতে সর্বোচ্চ ১৯ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ঋণ পাওয়া যাবে।
আবেদন ও ফি-তে ছাড়
অন্যান্য ঋণে প্রতি হাজারে ৬ টাকা ফি দিতে হলেও ‘স্বপ্ননীড়’-এ তা মাত্র ৩ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আবেদন ও পরিদর্শন ফি-তেও থাকবে বিশেষ ছাড়।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বলেন, “সরকারি-বেসরকারি শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ল্যাব অ্যাসিস্ট্যান্ট ও স্বল্প আয়ের চাকরিজীবীরা এই পণ্য থেকে বাস্তব সহায়তা পাবেন।”
বিএইচবিএফসি চেয়ারম্যান মো. সেলিম উদ্দিন জানান, “এই অর্থায়ন সমাজের নির্দিষ্ট শ্রেণি-পেশার মানুষকে নিরাপদ ও সাশ্রয়ী আবাসন গড়তে সহায়তা করবে।”
ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মান্নান বলেন, “স্বপ্ননীড়’ পণ্যটি আমাদের ৭০ বছরের অভিজ্ঞতার ফল, যা স্বল্প আয়ের মানুষের জন্য নতুন আশার আলো।”
দেশে আবাসন খাতে সরকারি বিশেষায়িত একমাত্র সংস্থা হিসেবে বিএইচবিএফসি সাত দশকেরও বেশি সময় ধরে গৃহঋণ দিয়ে আসছে। ‘স্বপ্ননীড়’ তাদের ১২তম পণ্য, যা বাংলাদেশের আবাসন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।
Mily








