ঈশ্বরদীতে ১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন জনতা ব্যাংক পিএলসি পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ।
জানা গেছে, রবিবার দুপুরে ব্যাংকের নগদ অর্থ নিয়ে বের হওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
বিষয়টি জানাজানি হওয়ার পর ব্যাংক কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনে হতাশার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জনতা ব্যাংক পিএলসি ঈশ্বরদী কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. মোহছানাতুল হক জিডিতে উল্লেখ করেছেন, বেলা সাড়ে ১১টার দিকে পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ ক্যাশ রেমিট্যান্সের জন্য ঈশ্বরদী কর্পোরেট শাখায় আসেন। আগের দিন শনিবার তিনি টেলিফোনে ১ কোটি ৩০ লাখ টাকার প্রয়োজনের কথা জানান। তবে আমাদের শাখায় নগদ সংকট থাকায় ৬০ থেকে ৭০ লাখ টাকা দেওয়া সম্ভব বললে তিনি রাজি হননি। পরদিন রবিবার সকাল ৯টা ৪৫ মিনিটে আবার ফোন করে ৭০ থেকে ৭৫ লাখ টাকার চাহিদা জানান।
তিনি আরও বলেন, সেদিন বেলা ১১টা ১৫ মিনিটে খালেদ সাইফুল্লাহ জনতা ব্যাংকের দাশুড়িয়া বাজার শাখা থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন। পরে ঈশ্বরদী কর্পোরেট শাখায় এসে বেলা ১১টা ৩৫ মিনিটে পাকশী শাখা হতে আরও ১ কোটি টাকা নগদ অর্থ গ্রহণ করেন। টাকা হস্তান্তরের সময় আনসার সদস্য মাহবুব তাঁর সঙ্গে ছিলেন।
প্রয়োজনীয় ভাউচার ও রেজিস্টারে স্বাক্ষর সম্পন্ন করার পর বেলা ১১টা ৪৫ মিনিটে খালেদ সাইফুল্লাহ এবং আনসার সদস্য মাহবুব ১ কোটি ৩০ লাখ টাকা নিয়ে পাকশী শাখার উদ্দেশ্যে প্রাইভেট কারযোগে রওনা দেন। গাড়িটির চালক ছিলেন মো. ইসমাইল হোসেন। তবে তিনি শাখায় পৌঁছে টাকা জমা দেওয়ার কথা জানালেও এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়, বলে জানান ব্যাংক কর্মকর্তা মোহছানাতুল হক।
পরে বিকাল ৩টা ৩০ মিনিটের দিকে পাকশী শাখার সহকারী ম্যানেজারের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, খালেদ সাইফুল্লাহ তখনও শাখায় পৌঁছাননি। এ অবস্থায় আতঙ্কিত হয়ে ব্যাংক কর্মকর্তারা স্থানীয় পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করেন। পরে ফাঁড়ির পরামর্শে ঈশ্বরদী থানায় সাধারণ ডায়েরি করা হয়।
জনতা ব্যাংকের দাশুড়িয়া শাখার ব্যবস্থাপক শাহিনুর রহমান বলেন, বেলা ১১টা ১৫ মিনিটে পাকশী শাখার ম্যানেজার খালেদ সাইফুল্লাহ আমাদের শাখা থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন। ব্যাংকের নিয়ম অনুযায়ীই টাকা হস্তান্তর করা হয়েছে।
সঙ্গে থাকা আনসার সদস্য মাহবুব জানান, ব্যাংক থেকে টাকা তুলে বাজার রোডস্থ ঈশ্বরদী ব্র্যাক ব্যাংকের সামনে এসে তিনি আমাকে প্রাইভেট কার থেকে নামিয়ে দেন। আমি তাঁর কথা মতো গাড়ি থেকে নেমে পড়ি। তিনি এরপর গাড়ি নিয়ে চলে যান।
নিখোঁজ ম্যানেজার খালেদ সাইফুল্লাহর স্ত্রী দিলরুবা বেগম বলেন, 'প্রতিদিনের মতো আজও সকালে তিনি বাসা থেকে বেরিয়ে ব্যাংকে যান। বিকেলে ঈশ্বরদী কর্পোরেট শাখার কর্মকর্তারা বাসায় এসে তাঁর নিখোঁজ হওয়ার খবর জানান। এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তিনি স্বেচ্ছায় কোথাও গেছেন, নাকি কেউ তাঁকে গুম করেছে—তা আমরা নিশ্চিত নই।'
জনতা ব্যাংক এর জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর হোসেন জোয়ার্দ্দার বলেন, ঘটনাটি আমরা মৌখিকভাবে জানতে পেরেছি। পরে সরেজমিনে পাকশী শাখায় গিয়ে বিষয়টি তদন্ত করে প্রাথমিকভাবে মনে হচ্ছে—বিষয়টি খুবই গুরুতর।
ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নূর বলেন, ব্যাংকের টাকা উত্তোলনের বিষয়টি আমরা ব্যাংক কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সচেতন মহলের মতে, ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় স্থানীয় কতিপয় যুবকদের সহযোগিতায় ও প্রশ্রয়ে ঈশ্বরদীর বাইরের বিভিন্ন জেলা থেকে সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী ও গুম পার্টির কতিপয় সদস্যরা দীর্ঘদিন থেকে ঈশ্বরদী এলাকায় অবস্থান করে পুলিশের দুর্বলতার সুযোগে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়ে পড়েছে। এজন্য ব্যাংক ম্যানেজারের টাকা নিয়ে নাটকীয়ভাবে উধাও হওয়ার বিষয়টি গুম, অপহরণ নাকি টাকা নিয়ে আত্মগোপনে যাওয়া হয়েছে তা নিয়ে নানা প্রকার আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সজিব








