ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

চোরের বিচার দাবিতে দুই গ্রামের মানুষের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী

প্রকাশিত: ১৮:১৩, ১৩ জুন ২০২৫

চোরের বিচার দাবিতে দুই গ্রামের মানুষের মানববন্ধন

ছ‌বি: জনকণ্ঠ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চোরের বিচার দাবিতে দুই গ্রামের মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার বহরপুর ইউনিয়নের খোর্দ্দরামদিয়া ও ভররামদিয়া গ্রামবাসীর আয়োজনে খোর্দ্দরামদিয়া রেলগেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কুরবান শেখ, শফিক শেখ, সাবেক মেম্বার ইদ্রিস শেখ, রানু খান, নুরু খান, রফিক উজ্জামান, হাবিবুর রহমান, মুস্তাকুর রহমান, তিজা শেখ, তরিফ খান, হাকিম শেখসহ গ্রামের অন্যান্য লোকজন।

বক্তারা বলেন, এলাকায় প্রতিনিয়ত গরু, ছাগল, পেঁয়াজ, মোবাইলসহ নানা জিনিস চুরি হচ্ছে। আমরা চাই, চিহ্নিত চোরদের আইনের আওতায় আনা হোক এবং এলাকা থেকে বিতাড়িত করা হোক, যাতে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি।

তারা জানান, ইতিপূর্বে চারজন চোরের নাম উল্লেখ করে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। সেই ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। বক্তারা মোঃ আমিন মোল্যাকে চিহ্নিত চোর হিসেবে উল্লেখ করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের খোর্দ্দরামদিয়া গ্রামের মোমিন মোল্যার ছেলে মোঃ আমিন মোল্যা (২৬)–কে গত ২৯ মে রাত ১২টার দিকে চুরির অভিযোগে গ্রামবাসী আটক করে মারধর করে এবং পরে থানা পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় গত বুধবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আমিন মোল্যার বাবা মোমিন মোল্যা।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, স্থানীয়রা আমিন মোল্যাকে ধরে চৌকিদারের সহায়তায় থানায় নিয়ে আসে। পরে খোঁজ নিয়ে দেখা যায়, তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। এরপর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আদালতে পাঠানো হয়।

এম.কে.

×