ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

ইউনিয়ন পরিষদের সেবাপ্রাপ্তিতে  কেউ যেন হয়রানি  না হয়: হাসনাত আব্দুল্লাহ এমপি 

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা 

প্রকাশিত: ২২:৫৫, ১৪ মার্চ ২০২৬

ইউনিয়ন পরিষদের সেবাপ্রাপ্তিতে  কেউ যেন হয়রানি  না হয়: হাসনাত আব্দুল্লাহ এমপি 

কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ  বলেছেন, দেবিদ্বার উপজেলায় ইউনিয়ন পরিষদের সেবাপ্রাপ্তিতে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়—এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেছেন তিনি। 

শনিবার দেবিদ্বার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলার ১৪টি ইউনিয়নের সচিবদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় এমপি হাসনাত আব্দুল্লাহ বলেন, ইউনিয়ন পরিষদে সেবা নিতে এসে কোনো নাগরিকের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। বিশেষ করে নারীরা অনেক সময় অভিযোগ করেন যে তারা পরিষদে গেলে যথাযথভাবে কথা বলা হয় না এবং তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয়।

তিনি বলেন, মানুষ প্রতিদিন ইউনিয়ন পরিষদে আসে না; সাধারণত কোনো বিপদে পড়লেই তারা সেবা নিতে আসে। তাই তাদের সঙ্গে আন্তরিক আচরণ করা সবার দায়িত্ব। তিনি আরও বলেন, দেবিদ্বার এলাকার অনেক মানুষ জীবিকার তাগিদে বিদেশে যান, যাদের বেশিরভাগই নিম্ন আয়ের পরিবার থেকে উঠে আসা। বিদেশ যাওয়ার সময় বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্রের জন্য তারা ইউনিয়ন পরিষদে আসেন। এসময় যদি হয়রানির শিকার হন, তবে সেই ক্ষোভ দীর্ঘদিন ধরে থাকে।

সভায় তিনি ভূমি অফিস ও তহসিল অফিস সম্পর্কেও অভিযোগের কথা উল্লেখ করে বলেন, এসব অফিস নিয়েও জনগণের কিছু অভিযোগ রয়েছে। তাই সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

ইউনিয়ন সচিব ও প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো চেয়ারম্যান বা মেম্বার যদি নিয়মের বাইরে কোনো কাজ করতে চাপ দেন, তাহলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ইউএনওকে অবহিত করতে হবে। এসময় তিনি আরও বলেন, অনেক সময় দেখা যায় নাগরিকরাও নিজেদের প্রয়োজনে জন্মনিবন্ধনের বয়স পরিবর্তনের জন্য অনৈতিক প্রস্তাব দেন বা টাকা দেওয়ার চেষ্টা করেন। এ ধরনের অনিয়মকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। সভায় উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সচিব, (প্রশাসনিক কর্মকর্তা)রা উপস্থিত ছিলেন।

 

রাজু

×