ভারতের রাজধানী নয়াদিল্লি-তে অনুষ্ঠিত সাপ্তাহিক ব্রিফিংয়ে হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানো প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য করেনি ভারত। বৃহস্পতিবার (১২ মার্চ) ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়—শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার অভিযোগে অভিযুক্তদের বাংলাদেশে বিচার প্রক্রিয়ার জন্য ফেরত দেওয়া হবে কি না, কিংবা তাদের সঙ্গে কথা বলার জন্য বাংলাদেশি কর্মকর্তাদের অনুমতি দেওয়া হবে কি না। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে, তার বাইরে নতুন করে কিছু বলার নেই।
ব্রিফিংয়ে আরও একটি প্রশ্ন ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)–এর প্রধানের সাম্প্রতিক ভারত সফর নিয়ে। এ প্রসঙ্গে মুখপাত্র জানান, ডিজিএফআই প্রধান ভারতে এসেছিলেন এবং রাইসিনা ডায়ালগ উপলক্ষে তিনি ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে থাকতে পারেন।
এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ভারতের কাছে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ জানিয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। এ বিষয়ে রণধীর জয়সওয়াল বলেন, ভারতের নিজস্ব চাহিদা এবং শোধনাগারের সক্ষমতা বিবেচনা করে অনুরোধটি পর্যালোচনা করা হচ্ছে।
তিনি জানান, ভারত নিয়মিতভাবে প্রতিবেশী দেশগুলোতে পরিশোধিত জ্বালানি রপ্তানি করে থাকে। বাংলাদেশের পাশাপাশি শ্রীলংকা ও মালদ্বীপও অতিরিক্ত জ্বালানি সরবরাহের অনুরোধ জানিয়েছে।
ভারত-বাংলাদেশ জ্বালানি সহযোগিতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে দীর্ঘদিন ধরে বাংলাদেশে ডিজেল সরবরাহ করা হচ্ছে। সড়ক, রেল ও পাইপলাইন—এই তিন মাধ্যমেই সরবরাহ অব্যাহত রয়েছে।
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ২০১৭ সালে নুমালিগড় রিফাইনারি লিমিটেড এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-এর মধ্যে ডিজেল ক্রয়-বিক্রয় সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির আওতায় বর্তমানে ডিজেল সরবরাহ কার্যক্রম চলছে।
উল্লেখ্য, বুধবার সচিবালয়ে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ-এর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। ওই বৈঠকের পর দুই দেশের পক্ষ থেকেই জানানো হয়, বাংলাদেশ অতিরিক্ত জ্বালানি সরবরাহের জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে।
Mily








