ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে নির্বাচিত হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তার নির্বাচনী ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) জমা দেওয়া ওই হিসাব অনুযায়ী, নির্বাচনী প্রচারণা ও অন্যান্য কার্যক্রম মিলিয়ে তিনি মোট ৩২ লাখ ৫৮ হাজার ২৩৮ টাকা ব্যয় করেছেন।
প্রদত্ত ব্যয়ের বিবরণীতে দেখা যায়, প্রচারণা কার্যক্রম পরিচালনায় ব্যয় হয়েছে ১৫ লাখ ৫৫ হাজার ৫৫০ টাকা। জনসভা আয়োজনের জন্য খরচ হয়েছে ৫ লাখ ৪৫ হাজার টাকা। এছাড়া নির্বাচনী ক্যাম্প পরিচালনায় ৪ লাখ ১৭ হাজার ৬৪২ টাকা ব্যয় করা হয়েছে।
পরিবহন খাতে ব্যয় হয়েছে ৮৮ হাজার ৯৬ টাকা। এজেন্ট ও অন্যান্য কর্মীদের জন্য খরচ হয়েছে ২ লাখ ৯৩ হাজার ৮৯০ টাকা। আবাসন ও প্রশাসনিক খাতে ব্যয় দেখানো হয়েছে ২ লাখ ৮৭ হাজার টাকা। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারে ব্যয় হয়েছে ৭১ হাজার ৬০ টাকা।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা-১৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। বিদ্যমান আইনে প্রতি ভোটারের বিপরীতে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত নির্বাচনী ব্যয় করার সুযোগ রয়েছে। সেই হিসাবে এই আসনে ব্যয়সীমা ছিল ৩৫ লাখ ১৭ হাজার ১৮০ টাকা।
জমা দেওয়া হিসাব অনুযায়ী, নির্ধারিত সীমার মধ্যেই তার নির্বাচনী ব্যয় সম্পন্ন হয়েছে।
Mily








