অভিযুক্ত চার হিজড়া।
রাজধানীর উত্তরায় চাঁদার টাকা না দেওয়ায় এক নবজাতককে ছিনিয়ে নেওয়ার হুমকি দিয়েছে তৃতীয় লিঙ্গের (হিজড়া) বেশকয়েকজন। এ ঘটনায় চারজন হিজড়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৪ আগস্ট) রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৯নং সেক্টর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আলো (২৮), শারমীন (২৩), মিম (৩০) এবং রুমা (২৫)।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ৯ নম্বর সেক্টরের এলাকায় এক ভাড়াটিয়ার গত ৬ আগস্ট একটি কন্যা সন্তান জন্ম দেন। এর মাস দুয়েক আগে একই ভবনের আরেক ভাড়াটিয়ার একটি কন্যা সন্তান হয়।
তিনি জানান, আজ রবিবার অভিযুক্ত হিজড়ারা ওই বাসায় গিয়ে দুই নবজাতকের জন্য ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। বাড়ির লোকজন চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা নবজাতককে নিয়ে যাওয়ার হুমকি দেন। এক পর্যায়ে বাড়ির একজন তিন হাজার টাকা দিলেও হিজড়ারা বাড়ির দরজা লাথি দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করেন। এ সময় ওই বাসায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
মোহাম্মদ মহসীন আরও জানান, ভুক্তভোগীরা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে এসে ওই চার হিজড়াকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক পরিবারের দেওয়া ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের নামে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।








