ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

অভিনয়ে ফিরতে চান সাথীয়া জাহিদ

প্রকাশিত: ২৩:৪৬, ১৮ মে ২০২১

অভিনয়ে ফিরতে চান সাথীয়া জাহিদ

স্টাফ রিপোর্টার ॥ ক্যারিয়ার শুরু মডেলিং দিয়ে। এ পর্যন্ত চার শো’র অধিক মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। এরপর নাম লেখান চলচ্চিত্রে চিত্রনায়িকা সাথীয়া জাহিদ। ২০১৩ সালে চিত্রতারকা শাকিব খানের বিপরীতে ’নিষ্পাপ মুন্না’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়। সর্বশেষ মুক্তি পায় ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ সিনেমা। মুক্তির অপেক্ষায় আছে তৃতীয় চলচ্চিত্র ‘চায়না মামা’। টিভিসি ও নাটকে দেখা গেছে তাকে। হঠাৎ করে আড়ালে চলে যান এই অভিনয়শিল্পী। লোকচক্ষুর আড়ালে থাকলেও সামাজিক মাধ্যমে সরব সাথীয়া। বর্তমান সময়ের জনপ্রিয় মাধ্যম লাইকিতে ১০ মিলিয়ন ফলোয়ারে তালিকায় বাংলাদেশের দ্বিতীয় আছেন তিনি। মাঝে শোনা যায় আবার চলচ্চিত্রে ফিরবেন। কিন্তু কখন ফিরবেন তা সঠিক জানাননি সাথীয়া জাহিদ। বর্তমানে স্বামী ও তিন ছেলে সন্তানকে নিয়ে রাজধানী গুলশানে বসবাস করছেন। মাঝে মধ্যে বিভিন্ন ফ্যাশন শোতে অংশ নিতে দেখা যায়। ক্যারিয়ার নিয়ে আবার নতুন করে কি ভাবছেন? জানতে চাইলে তিনি দৈনিক জনকণ্ঠকে বলেন, ক্যারিয়ার নিয়ে বর্তমানে অনেক সিরিয়াস। মাঝে ইচ্ছে করেই একটু দূরে সরে গিয়েছিলাম। পারিবারিক কারণে বেশ কিছুদিন দেশের বাইরে থাকতে হয়েছে। নতুন করে কাজে ফিরতে চাই। গড়পড়তা সিনেমাতে কাজ করার ইচ্ছে নেই। নায়িকাকে শোপিস বানিয়ে নায়কনির্ভর যেসব সিনেমা হয় সে ধরনের সিনেমাতে কাজ করতে আমি রাজি নই। গল্পনির্ভর সামাজিক গল্পে কাজ করতে চাই। অভিনয়ের জন্য বর্তমানে নিজেকে পুরোপুরি প্রস্তুত করেছি। করোনার সংক্রমণ কমলেই আমার প্রযোজনা প্রতিষ্ঠান হ্যাভেন এভিয়েশন থেকে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিও প্রযোজনা করব।
×