ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

পাবিপ্রবি : ইতিহাস বিভাগ

ছুটির আগে শেষ ইফতার

ছামিউল চৌধুরী

প্রকাশিত: ২১:২৭, ১৪ মার্চ ২০২৬

ছুটির আগে শেষ ইফতার

একসঙ্গে ইফতার করার আনন্দই আলাদা

পবিত্র রমজান মাস এলেই প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে এক ধরনের আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। এর ব্যতিক্রম হয়নি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও। ক্যাম্পাসে ছুটি হয়েছে কয়েকদিন হলো, তবে অনেক শিক্ষার্থী টিউশন, বিসিএস প্রস্তুতি ও অন্যান্য ব্যস্ততার কারণে এখনো বাসায় যেতে পারেনি। তাই আমরা সবাই মিলে ভাবলাম একটি ইফতারের আয়োজন করা যায়। জ্যেষ্ঠ থেকে শুরু করে সর্বকনিষ্ঠ- সবার একসঙ্গে ইফতার করার আনন্দই আলাদা।
আমরা ইতিহাস বিভাগের কয়েকজন শিক্ষার্থী এখনো বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কাজে অবস্থান করছি। সবাইকে জানিয়ে দেওয়া হলো যে একদিন  বিভাগের সবাই একসঙ্গে ইফতার করতে চাই। সেই ভাবনা থেকেই আমরা একত্রিত হয়েছি। অল্প করে চাঁদা নির্ধারণ করা হলো, যাতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে। যেহেতু আমরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরিবার ছেড়ে এখানে পড়াশোনা করতে এসেছি, তাই এখানে আপনজন বলতে সিনিয়র, জুনিয়র ও বন্ধু-বান্ধবই আমাদের পরিবারের মতো হয়ে ওঠে।
প্রতিদিনের মতো বিকেলে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার সঙ্গে সঙ্গেই আমরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জড়ো হলাম। সঙ্গে ছিল বাহারি ধরনের ইফতারÑ খেজুর, পেয়ারা, আনারস, কলা, ছোলা, পিয়াজু ইত্যাদি খাবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই অংশ নিয়েছেন আমাদের এই মিলনমেলায়। ফলে ইফতার শুধু আহারের মধ্যেই সীমাবদ্ধ থাকল না, বরং তা পরিণত হলো সম্প্রীতি, সৌহার্দ্য ও আন্তরিকতার এক সুন্দর বহিঃপ্রকাশে। ?সবুজ ঘাসের ওপর গোল হয়ে বসে আমরা ইফতারের প্লেট সাজিয়ে নিচ্ছিলাম।

পাশাপাশি চলছিল গল্প-আড্ডা ও পারস্পরিক কুশল বিনিময়, যা পুরো পরিবেশকে আরও উষ্ণ ও আনন্দমুখর করে তুলেছিল। সবাই নিজেদের ভালো-মন্দ অভিজ্ঞতার কথা ভাগাভাগি করছিল। আর যেহেতু এটি এ বছরের শেষ একসঙ্গে ইফতার, তাই সবার মাঝেই ছিল এক ধরনের আফসোস ও আবেগ। ধীরে ধীরে ইফতারের সময় হয়ে এলো। চারদিকে আজানের ধ্বনি ভেসে উঠল। ইফতার শেষে সবাই মসজিদে নামাজ পড়তে গেলাম। নামাজ শেষে মনে হলো এ বছর সবার সঙ্গে এটাই হয়তো শেষ ইফতার। ঈদের আগে হয়তো আর দেখা হবে না, সবাই নিজ নিজ বাড়িতে চলে যাবে। এভাবেই শেষ হলো আমাদের ইতিহাস পরিবারের ছোট্ট কিন্তু স্মরণীয় আয়োজন।

প্যানেল হু

×