ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

আল বিদা মাহে রমজান

অধ্যাপক মনিরুল ইসলাম রফিক

প্রকাশিত: ০০:২৫, ১৫ মার্চ ২০২৬

আল বিদা মাহে রমজান

মাহে রমজানের আজ ২৫তম দিবস

মাহে রমজানের আজ ২৫তম দিবস। আগামীকাল পবিত্র শবে কদর। ইবাদত বন্দেগির বিশ্ব রজনী। বছরে যে পাঁচটি রাত মুমিনরা বেশি পরিমাণে ইবাদত বন্দেগিতে শামিল হন, বিনিদ্র রজনী অতিবাহিত করতে পরম আনন্দ বোধ করেন, পবিত্র শবে কদর এর  মধ্যে সবচেয়ে বেশি আবেগঘন ইবাদতের রজনী। এ ধরনের ইবাদত বন্দেগির মাধ্যমে আমাদের মধ্যে অনন্তকাল আখিরাতের কথা মনে পড়ে। পরকালীন ভয়, কবর জীবনে একাকিত্ব ও জবাবদিহিতার পেরেশানি একজন মানুষকে দুনিয়াতে শত সুন্দর পথের অভিসারী করে তোলে। দুনিয়া ও আখিরাতের মধ্যে সেতু রচনা করে কবর জীবন। আল্লাহওয়ালা মুমিন মানুষের জন্য কবর জীবনও শান্তির এবং করুণাময় খোদা তায়ালার পক্ষ থেকে নানা নাজনেয়ামত গ্রহণের।
ইবনে আবদুল বার বলেছেন : হজরত নবী করীম (স.) হতে বর্ণিত আছে, তিনি বলেছেন, কোনো মুসলমান যখন তার ভাইয়ের কবরের কাছ দিয়ে যায়, যাকে (দুনিয়ার জীবন থাকাকালে) সে চিনত এবং তাকে সালাম দেয়, তখন আল্ল­াহ তায়ালা তার আত্মাকে ফিরিয়ে দেন, যতক্ষণ না সে ওই সালামের উত্তর দেয়।’
এর দ্বারা জানা যায় যে, মৃত ব্যক্তি তার দর্শনার্থীদের হুবহু চিনতে পারে এবং তার সালামের উত্তর দেয়। বুখারী শরীফ ও মুসলিম শরীফে বিভিন্ন সনদের মাধ্যমে হজরত নবী করীম (স.) হতে বর্ণিত হয়েছে যে, তিনি (স.) বদর যুদ্ধে কাফিরদের লাশ একটি গর্তে নিক্ষেপ করার জন্য আদেশ দেন। তারপর তিনি ওই গর্তের কাছে এসে দাঁড়ান এবং নাম ধরে তাদের সম্বোধন করে বলতে থাকেন- হে অমুক ব্যক্তির ছেলে অমুক, তোমরা কি তোমাদের প্রতিপালকের প্রতিশ্রুতি সঠিক পেয়েছ? আমি তো আমার প্রতিপালকের প্রতিশ্রুতিকে সঠিক পেয়েছি। তখন হজরত উমর (রাদি:) বলেন, হে আল্ল­াহর রাসুল (স.)! আপনি কি এমন লোকদের সম্বোধন করে কথা বলেছেন, যারা লাশে পরিণত হয়েছে? নবী করীম (স.) বললেন, শপথ ওই সত্তার! যিনি আমাকে সত্য নবী করে পাঠিয়েছেন, আমার কথাগুলো তোমরাও তাদের চাইতে বেশি শুনতে পাও না, কিন্তু তারা উত্তর দিতে পারে না।’
হজরত নবী করীম (স.) হতে এও প্রমাণিত আছে যে, কাউকে দাফন করার পর লোকেরা যখন ফিরে যেতে থাকে, তখন ওই মৃত ব্যক্তি তাদের জুতার আওয়াজ শুনতে পায়। 
এ ছাড়াও হজরত নবী করীম (স.) তাঁর উম্মতকে এ শিক্ষা দিয়েছেন যে, যখন তারা কবরবাসীকে সালাম করে, তখন যেন তাদের সম্বোধন করেই সালাম করে অর্থাৎ তারা যেন বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার কাউমিম মু’মিনীন... (হে কবরবাসী মু’মিনগণ! তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক)! আর এ ধরনের সম্বোধন তাদেরকেই করা হয়, যারা শোনে ও বোঝে। অন্যথায় এই সম্বোধন তো অস্তিত্বহীন বস্তু ও জড় পদার্থকে সম্বোধন করারই অনুরূপ। এর ওপর পূর্ববর্তী বিজ্ঞজনেরা একমত। তাদের থেকে পরম্পরায় বর্ণিত হয়েছে যে, মৃত ব্যক্তি তার কবর জিয়ারতে যে আসে, তাদের চিনতে পারে এবং তাদের দেখে উল্ল­াসিত হয়ে ওঠে।

প্যানেল হু

×