ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

মনপুরায় জাতীয় গ্রিডের বিদ্যুতের দাবি ঢাকাস্থ মনপুরা উন্নয়ন ফোরামের

প্রকাশিত: ২০:৩৫, ১৪ মার্চ ২০২৬

মনপুরায় জাতীয় গ্রিডের বিদ্যুতের দাবি ঢাকাস্থ মনপুরা উন্নয়ন ফোরামের

ভোলার মনপুরা উপজেলায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছে ঢাকাস্থ মনপুরা উন্নয়ন ফোরাম। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশলে সংগঠন কর্তৃক আয়োজিত ‘ইফতার ও জাতীয় গ্রিডের বিদ্যুতের বিষয়ে আলোচনা সভায়-২০২৬’ এ দাবি জানান বক্তারা। সংগঠনের সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা আলী জাহ্ আহমেদ মিজানের সভাপতিত্বে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা মো. আলাউদ্দিন আহ্ম্মেদ মোল্লার সঞ্চালনায় সভায় ঢাকায় কর্মরত মনপুরার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, মনপুরা একটি প্রাচীন দ্বীপ। বিচ্ছিন্ন এই দ্বীপে এখনো বিদ্যুতের ছোঁয়া পড়েনি। আশপাশের স্বল্প বসতির অনেক বিচ্ছিন্ন চরে বিগত সময়ে ফাইবার ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রিডের বিদ্যুৎ দেওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয় লক্ষাধিকের বেশি মানুষের বসবাস মনপুরা উপজেলায় অদৃশ্য কোন কারণে জাতীয় গ্রিডের বিদ্যুৎ দেওয়া হয়নি। কয়েক বছর আগে ৩টি ইউনিয়নে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ দেওয়া হলেও তা সকল বাসিন্দা পায়নি। তাছাড়া সোলার প্যানেল কোম্পানি এক ইউনিট বিদ্যুতের দাম ৩০ টাকা নিচ্ছে। প্রতি মাসে সার্ভিস বাবদ অতিরিক্ত ৭০ টাকা করে আদায় করছে। যা এই উপজেলার নিম্ন আয়ের বাসিন্দাদের পক্ষে বহন করা সম্ভব নয়। তারা আরও বলেন, বিদ্যুৎ না থাকায় উপজেলার শিক্ষার্থীরা পড়ালেখা করতে পারছে না, প্রযুক্তিগত ও নিয়মিত শিক্ষাদানে বিড়ম্বনা পোহাতে হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে। সরকারি কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। এতে বাসিন্দারা নাগরিক সেবা পাচ্ছেন না। সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন চিকিৎসাসেবা নিতে যাওয়া মানুষেরা। বিদ্যুৎ না থাকায় উপজেলার একটি মাত্র হাসপাতালে কোন ধরনের টেস্ট করানো সম্ভব হয় না। এই সুযোগে একটি চক্র ব্যক্তিগত উদ্যোগে বেশি দামে টেস্ট করাচ্ছে। হাজার হাজার মানুষ বিদ্যুতের কারণে যথাযথ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই অবস্থার অবসান দাবি করেন বক্তারা। 

সভাপতির বক্তব্যে আলী জাহ্ আহমেদ মিজান বলেন, মনপুরা বিদ্যুতের দাবি বহু পুরানো। বিদ্যুতের কারণে নামকরা এই দ্বীপে কোন প্রকারের শিল্প-কারখানা গড়ে ওঠেনি। আধুনিক যুগে এসেও শিক্ষার্থীরা ল্যাম্পপোস্ট, কুপি ও হারিকেন আলোয় পড়াশোনা করতে হচ্ছে। চিকিৎসা সেবা থেকে শুরু করে সকল নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এই উপজেলার বাসিন্দারা। অথচ মাস খানেক আগেও আশপাশের দুটি চরে জাতীয় গ্রিডের বিদ্যুৎ লাইন দেওয়া হয়েছে। সরকার তথা সংশ্লিষ্ট সংস্থার কাছে দ্রুত মনপুরায় জাতীয় গ্রিডের বিদ্যুৎ প্রদানের দাবি জানান তিনি। 

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টাফ ফজলুল হক, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে কর্মরত সাব-ইন্সপেক্টর জহিরুল ইসলাম, ছাত্রদলের ঢাকা কলেজ শাখার সাবেক নেতা ফরহাদ হাসান, জনতা ব্যাংকের কর্মকর্তা সুমন, ওষুধ প্রশাসন অধিদপ্তরে কর্মরত তরিকুল হাসান, ছাত্রদলের মনপুরা উজেলার সাবেক নেতা ফেরদৌস, রাজউকে কর্মরত জাফর প্রমুখ।

 

এম.কে

×