ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

‘দলের মর্যাদা রক্ষায় সতর্ক থাকুন’

নিজস্ব সংবাদদাতা, দেবীগঞ্জ, পঞ্চগড় 

প্রকাশিত: ২১:৪৭, ১৪ মার্চ ২০২৬

‘দলের মর্যাদা রক্ষায় সতর্ক থাকুন’

ছবি: জনকণ্ঠ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি) বলেছেন, আমার সামনে ও মঞ্চে অনেকেই বসে আছেন যারা বিএনপির রাজনীতি করেন, কিন্তু আপনার স্ত্রী অন্য মার্কায় ভোট দিয়েছেন। এ ক্ষেত্রে আমি বিনয়ের সঙ্গে বলতে চাই, আগে ঘরকে ঠিক করবেন, তারপর সেই পদের পুনর্বহাল হবেন। প্রয়োজনে পদত্যাগ করে আগে নিজের ঘরকে ঠিক করে আবার ফিরে এসে দায়িত্ব গ্রহণ করবেন।

শনিবার (১৪ মার্চ) বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলা বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রমজান শেষে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের সংগঠনগুলো পুনর্গঠন করে আরও শক্তিশালী করা হবে। দলের মান ও মর্যাদা রক্ষায় সবাইকে নিষ্ঠার সঙ্গে মাঠে থেকে কাজ করতে হবে এবং কোনো ধরনের অনিয়মের অভিযোগ ওঠার আগেই সবাইকে সতর্ক থাকতে হবে।

সনাতন ধর্মাবলম্বী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আপনারা শুধু আমাকে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী বানাননি, দলের চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছেন।

তিনি সনাতন ধর্মাবলম্বীদের বিএনপির রাজনীতিতে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং তাদের যথাযথ মূল্যায়নের আশ্বাস দেন।

ইফতার মাহফিলে এ সময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণি বসুনিয়া ও সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপি, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল প্রমুখ।

আলোচনা শেষে ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শহীদ

×