ছবি: জনকণ্ঠ
নীলফামারীর জলঢাকা উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করার দায়ে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার শৌলমারী ইউনিয়নে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ডিলার মেসার্স একরামুল ট্রেডার্সের মালিক একরামুল হক বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অনুমোদিত ডিলার।
স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে এলাকায় ইউরিয়াসহ অন্যান্য সারের চাহিদা বেড়েছে। এতে সরকার নির্ধারিত মূ্ল্যের বেশি দামে ডিলার সার বিক্রি করছিলেন। কৃষকেরা সেখানে সার কিনতে গেলে ডিলারের সঙ্গে বাগ্বিতণ্ডায় হয়। এসময়ে তারা সেখানে উপস্থিত একজন উপসহকারী কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন। পরে ইউএনওকে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন৷
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, একজন ডিলার সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি করছিলেন। কৃষকেরা সেখানে সার কিনতে গেলে দাম বেশি চাওয়ায় ডিলারের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। পরে তারা সেখানে একজন কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখে আমাকে খবর দেয়।
পরে পুলিশের সহায়তায় সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্ধারিত মূল্যের বেশি দাম নেওয়ার কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে অবরুদ্ধ উপসহকারী কৃষি কর্মকর্তাকে উদ্ধার করা হয়।
শহীদ








