নীলফামারীতে পৃথক পৃথক অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিদপ্তর।
বুধবার (৪ মার্চ) দুপুরে নীলফামারী জেলা সদরের ইটাখোলার বাদিয়ার মোড় এলাকার মুক্তা ফিলিং স্টেশনে বিভিন্ন ধরণের জ্বালানি তেল মেশিনে কারচুপির মাধ্যমে গ্রাহকদের লিটারে ১২ টাকা করে তেল কম দেয়ায় প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা ও বিএসটিআই অনুমোদন ছাড়াই শিশুখাদ্য ‘আইসললি’ তৈরি ও বাজারজাত করার অপরাধে জেলা শহরের শিল্পপ্রতিষ্ঠান অভিজাত গ্রুপকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রায়হানের নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়। প্রসিকিউটর ছিলেন বিএসটিআই রংপুর কার্যালয়ের পরিদর্শক মো. নাসির উদ্দিন। এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোবারক হোসেন, বিএসটিআই রংপুর কার্যালয়ের ফিল্ড অফিসার জুলকার নাঈম, সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাঁপানী হাটে খোরশেদা অটো মুড়ি মিলে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন এবং মুড়িতে নিষিদ্ধ উপাদান হাইড্রোজ ব্যবহারের দায়ে প্রতিষ্ঠানের মালিক নুর আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নীলফামারী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম।
রাজু








