ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

জলঢাকায় নকল ঔষধসহ আটক ভুয়া কোম্পানি প্রতিনিধি

মো. রমজান আলী, জলঢাকা, নীলফামারী

প্রকাশিত: ১৪:১১, ৩ মার্চ ২০২৬

জলঢাকায় নকল ঔষধসহ আটক ভুয়া কোম্পানি প্রতিনিধি

ছবি: দৈনিক জনকণ্ঠ।

নীলফামারীর জলঢাকা উপজেলাতে ‘স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি’র প্রতিনিধি পরিচয়ে নকল ঔষধ বাজারজাত করার সময় মৃনাল অধিকারী (৩২) নামে এক ব্যক্তিকে আটক করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (০২ মার্চ) রাত ৯টার দিকে জলঢাকা উপজেলার জিরো পয়েন্ট বাজারের মেসার্স অনিন্দ্য ফার্মেসীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মৃনাল অধিকারী নীলফামারী জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের চাপানী এলাকার প্রতাপ চন্দ্র অধিকারীর ছেলে।

অভিযানকালে তার কাছ থেকে ‘জিম্যাক্স-৫০০’ নামের নকল ঔষধের ৪৮টি বক্স উদ্ধার করা হয়। প্রতিটি বক্সে ছিল ১৪টি করে ট্যাবলেট। প্রাথমিকভাবে জানা যায়, স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রতিনিধি পরিচয় দিয়ে তিনি এসব ঔষধ বিক্রির চেষ্টা করছিলেন।

ফার্মেসীর স্বত্বাধিকারী ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) জলঢাকা উপজেলা শাখার সভাপতি মাহবুবার রহমান মনি তার কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে সন্দেহ নিশ্চিত হলে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতকে অবহিত করা হয়।

পরে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করলে আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কোম্পানিকে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহদি হাসান এবং জলঢাকা থানা পুলিশের সদস্যরা।

এদিকে বিসিডিএস জলঢাকা উপজেলা শাখার সভাপতি মাহবুবার রহমান মনি অভিযোগ করেন, নকল ঔষধসহ আটক ব্যক্তির বিষয়ে জেলা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাবধায়ক মিতা রায়কে জানানো হলেও তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। তবে এ বিষয়ে জেলা ঔষধ প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এম.কে

×