ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

গোবিন্দগঞ্জে উপবৃত্তির প্রলোভন ও ব্ল্যাকমেইল করে ছাত্রীকে ধর্ষণ: মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা

প্রকাশিত: ১৭:১৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৬; আপডেট: ১৭:১৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

গোবিন্দগঞ্জে উপবৃত্তির প্রলোভন ও ব্ল্যাকমেইল করে ছাত্রীকে ধর্ষণ: মাদ্রাসা অধ্যক্ষ গ্রেপ্তার

ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত মাদ্রাসা অধ্যক্ষ রঞ্জু মিয়া

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় উপবৃত্তির প্রলোভন দেখিয়ে এবং পরবর্তীতে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. রঞ্জু মিয়া (৫০) নামে এক মাদ্রাসা অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রঞ্জু মিয়া উপজেলার পন্ডিতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ এবং গুমানীগঞ্জ ইউনিয়নের খড়িয়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্রী গুমানীগঞ্জ ইউনিয়নের জরিপপুর গ্রামের বেলাল হোসেনের মেয়ে। তিনি চার মাস আগে ওই প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি হয়। ভর্তির পর থেকেই অধ্যক্ষ রঞ্জু মিয়া ওই ছাত্রীর পরিবারের খোঁজ খবর নেওয়ার অজুহাতে তার মোবাইল নম্বর সংগ্রহ করেন এবং তাকে সরকারি উপবৃত্তি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন।

গত বছরের ১৮ ডিসেম্বর সকালে অধ্যক্ষ ওই ছাত্রীকে ফোন করে জানান যে, উপবৃত্তি ফরমে স্বাক্ষর করার জন্য জরুরি ভিত্তিতে গোবিন্দগঞ্জ পৌরশহরের পান্থাপাড়ার বাসায় যেতে হবে। অধ্যক্ষের কথায় সরল বিশ্বাসে ছাত্রীটি বেলা সাড়ে ১১টার দিকে তার বাসায় যায়। সেখানে কেউ না থাকার সুযোগে অধ্যক্ষ রঞ্জু মিয়া তাকে একটি কক্ষে আটকে রেখে ধর্ষণ করেন। এ সময় অত্যন্ত কৌশলে মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে রাখেন তিনি। পরবর্তীতে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকবার ব্ল্যাকমেইল করা হয় বলে অভিযোগ করা হয়। অভিযোগ দায়েরের পর শুক্রবার দিবাগত রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। রাতেই আসামিকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিকে আদালতে সোপর্দ এবং ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজু

×