ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

গোবিন্দগঞ্জে হ্যাকারচক্রের চার সদস্য গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা

প্রকাশিত: ১৯:৩২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

গোবিন্দগঞ্জে হ্যাকারচক্রের চার সদস্য গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল ব্যাংকিং হ্যাকার চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাজীরচক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। চক্রটি প্রযুক্তির অপব্যবহার করে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাকিং এর মাধ্যমে সামাজিক নিরাপত্তার ভাতাভোগীদের অ্যাকাউন্ট হ্যাক করে লাখ-লাখ টাকা অর্থ আত্মসাৎ করে আসছিল।

গ্রেফতারকৃতরা উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাজীরচক এলাকার শহিদুল ইসলামের ছেলে স্বপন মিয়া (২০), ছামছুর রহমানের ছেলে সৌরভ রহমান (২১), মৃত আব্দুল মান্নান সরকারের ছেলে হাসান রহমান (২২) এবং এবং রাখালবুরুজ ইউনিয়নের সরকারপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে নুর আলম সরকার (২২)।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চক্রটি হ্যাকিং এর মাধ্যমে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে অসহায় ও হতদরিদ্র মানুষের বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধীভাতাসহ সামাজিক নিরাপত্তার ভাতাভোগীদের অ্যাকাউন্ট হ্যাক করে লাখ-লাখ টাকা অর্থ আত্মসাৎ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ পরিদর্শক (এসআই) মীর কায়েসের নেতৃত্বে শুক্রবার ভোরে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাজীর চক এলাকায় অভিযান চালানো হয়। এসময় আব্দুল মান্নান সরকারের ছেলে হাসান রহমানের বাড়ি থেকে চার হ্যাকারকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আগে থেকেই গোবিন্দগঞ্জ থানায় মামলা চলমান রয়েছে। যার মামলা নং ৫২, তারিখ: ২৪/০৬/২০২৫ ইং।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজু

×