ছবি: দৈনিক জনকণ্ঠ।
ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী, বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও শহরের পৈতৃক বাসভবনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরিবারের পক্ষ থেকে এই মিটার গ্রহণ করেন, মন্ত্রীর ছোট ভাই এবং জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন।
উদ্বোধনের অংশ হিসেবে প্রথম পর্যায়ে তার বাসভবনেই আধুনিক প্রি-পেইড মিটার স্থাপন করা হয়। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, পর্যায়ক্রমে শহরের বিভিন্ন এলাকায় দ্রুতগতিতে এসব মিটার স্থাপন করা হবে।
বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, প্রি-পেইড মিটার চালুর মাধ্যমে গ্রাহকরা নিজেদের বিদ্যুৎ ব্যবহার সম্পর্কে তাৎক্ষণিক ধারণা পাবেন, অপচয় কমবে এবং ভুতুড়ে বিলের ঝামেলাসহ বিল সংক্রান্ত জটিলতা হ্রাস পাবে। পর্যায়ক্রমে পুরো জেলায় এ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, নেসকোর রংপুর বিভাগের প্রধান প্রকৌশলী মিজানুর রহমান, রাজশাহী বিভাগীয় ডিজিএম সাজ্জাদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (অবসর প্রাপ্ত) বিশেষ দায়িত্ব প্রাপ্ত মামুনূর রশীদ, সদ্য বদলিকৃত নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, নবাগত নির্বাহী প্রকৌশলী সুমন অধম।
উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম বাতিলের দাবিতে সম্প্রতি বিদ্যুতের স্থানীয় অসংখ্য গ্রাহক কয়েকদফা শহরে বিক্ষোভ মিছিল ও বিদ্যুৎ অফিস কর্মসূচি পালন করেছিল।
এম.কে








