নিজস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীর নলচিরা ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১৭৫ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার সকালে জব্দকৃত মাছগুলো ২০টি এতিমখানার শিক্ষার্থীসহ ২হাজার গরীব মানুষের মধ্যে বিতরণ করা হয়।
এর আগে বৃহস্পতিবার বিকেলে অভিযান করে ঢাকার মোকামে নিয়ে যাওয়ার সময় মেঘনা নদী থেকে জব্দ করা হয় এসব জাটকা মাছ।
কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লে. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নলছিরা এলাকায় অভিযান চালায় বিসিজি স্টেশান কোস্টগার্ড হাতিয়া। অভিযান চালিয়ে নলছিরা ঘাটের সন্নিকটে মেঘনা নদী থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলারে থাকা ৬৪টি ঝুঁড়ি থেকে ১৭৫ মণ জাটকা মাছ জব্দ করা হয় । পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জাটকা মাছ গুলো এতিমখানা ও গরিব দুঃখীদের মাঝে বিতরণ করা হয়। যার বাজার মুল্য প্রায় ২৫লাখ টাকা।
তিনি আরও বলেন, জব্দকৃত এসব জাটকা মাছ ব্যাবসায়ীরা বিক্রির উদ্দেশ্যে হাতিয়ার কাজির বাজার থেকে নদী পার হয়ে চেযরম্যান ঘাট নিয়ে যাচ্ছিলেন।








