ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

মেহেরপুরে মৌমাছির আক্রমণে কৃষকের মৃত্যু

তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর

প্রকাশিত: ১৭:১০, ১৫ মার্চ ২০২৬

মেহেরপুরে মৌমাছির আক্রমণে কৃষকের মৃত্যু

মেহেরপুর সদর উপজেলায় মৌমাছির ঝাঁকের আক্রমণে সিরাজুল ইসলাম ওরফে তোজাম্মেল (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) দুপুরের দিকে উপজেলার সুবিদপুর গ্রামের কাঁকড়াতলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম সুবিদপুর গ্রামের নজবুল হকের ছেলে।

নিহতের ভাতিজা এরশাদ আলী জানান, সকালে সিরাজুল ইসলাম তার ছেলেকে সঙ্গে নিয়ে গ্রামের কাঁকড়াতলার মাঠে নিজেদের তামাক ক্ষেতে কাজ করতে যান। কাজ শেষে বাড়ি ফেরার পথে একটি বাগানের ভেতর দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি বাজপাখি বা অন্য কোনো পাখি মৌমাছির চাকে আঘাত করে। এতে মৌমাছির ঝাঁক ক্ষিপ্ত হয়ে সিরাজুল ইসলামের ওপর আক্রমণ চালায়।

মৌমাছির অসংখ্য কামড়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহিনুল ইসলাম জানান, নিহতের শরীরে অসংখ্য মৌমাছির কামড়ের চিহ্ন ছিল। হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

রাজু

×