ট্রেনের ধাক্কায় ঝিনাইদহের কোটচাঁদপুরে আলাউদ্দিন (৫০) নামে এক (স্যালোইঞ্জিনচালিত) ট্রলি গাড়ির চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন গাড়ির হেলপার।
রোববার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড় বামনদাহ ছোট রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলাউদ্দিন কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তিনি একটি ইটভাটার ইট পরিবহনের কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালীগঞ্জ উপজেলার এএমবিএম ব্রিকসের একটি ইটবাহী ট্রলিগাড়ি কোটচাঁদপুরের বড় বামনদাহ গ্রামে ইট নামিয়ে ইটভাটায় ফিরছিলো। পথিমধ্যে বড় বামনদাহ গ্রামের ছোট রেলগেট এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই লাটাহাম্বা চালক আলাউদ্দিন নিহত হন। আহত হন গাড়ির হেলপার। হেলপারের নাম জানা যায়নি। তাকে স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কোটচাঁদপুর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, দুর্ঘটনার পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল থেকে থানায় জানানো হয়। থানা পুলিশ ঘটনাটি জানার পরে আমি যশোর রেলওয়ে পুলিশে দুর্ঘটনার বিষয়টি ট্যাগ করে দিয়েছি। ঘটনাস্থলে বর্তমানে রেলওয়ে পুলিশের টিম কাজ করছেন। পরবর্তী করণীয় রেলওয়ে পুলিশ সম্পন্ন করবেন।
রাজু








