ছবি: সংগৃহীত।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শোকপ্রস্তাবে জামায়াতে ইসলামীর প্রয়াত কয়েকজন শীর্ষ নেতার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বিরোধী দলের দাবির প্রেক্ষিতে তাদের নাম শোকপ্রস্তাবে যুক্ত করার বিষয়টি গ্রহণ করেন স্পিকার।
বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম দিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংক্ষিপ্ত বিরতির পর রেওয়াজ অনুযায়ী শোকপ্রস্তাব উপস্থাপন করা হয়। পরে এ বিষয়ে আলোচনা শেষে শোকপ্রস্তাব গৃহীত হয়েছে বলে ঘোষণা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
অধিবেশনে বিরোধী দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর প্রয়াত নেতাদের নাম শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। এ সময় জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান এবং শুরা সদস্য মীর কাসেম আলী-এর নাম যুক্ত করার প্রস্তাব ওঠে।
স্পিকার জানান, বিরোধীদলীয় উপনেতা যাদের নাম উল্লেখ করেছেন, সেগুলো শোকপ্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে। একই সঙ্গে বিএনপির সাবেক সংসদ সদস্য ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী-এর নামও শোকপ্রস্তাবে যুক্ত করা হয়।
এর আগে শোকপ্রস্তাবের আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কে নিয়েও আলোচনা হয়। পাশাপাশি জুলাইয়ের শহীদ যোদ্ধাদের স্মরণ করা হয়।
পরবর্তীতে সংসদে আলোচনা শেষে শোকপ্রস্তাবটি গৃহীত হয়েছে বলে ঘোষণা দেন স্পিকার।
এম.কে








