ঈদুল ফিতরের ছুটির মধ্যেও সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে আন্তঃব্যাংক চেক নিষ্পত্তির জন্য বিশেষ সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (১২ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি)-২ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ এবং রপ্তানি বিল কেনাবেচা নির্বিঘ্ন রাখতে ১৮ ও ১৯ মার্চ সীমিত আকারে ব্যাংক খোলা থাকবে। এ সময়ে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের কিছু শাখায় সীমিত জনবল দিয়ে ব্যাংকিং সেবা চালু থাকবে।
এই দুই দিন ব্যাংকের অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে যোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি থাকবে। গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
এ সময় কেন্দ্রীয় ব্যাংকে স্থাপিত বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিপিএস) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) ব্যবস্থাও চালু থাকবে।
নতুন সময়সূচি অনুযায়ী, হাই ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের জন্য সকাল সাড়ে ১১টার মধ্যে চেক পাঠাতে হবে এবং তা নিষ্পত্তি হবে দুপুর সাড়ে ১২টার মধ্যে। আর নিয়মিত বা রেগুলার ভ্যালু চেক ক্লিয়ারিংয়ের ক্ষেত্রে দুপুর ১২টার মধ্যে চেক পাঠাতে হবে, যার নিষ্পত্তি সম্পন্ন হবে দুপুর ১টার মধ্যে।
তবে বিইএফটিএন (BEFTN) সিস্টেমের তিনটি সেশন আগের সময়সূচি অনুযায়ীই পরিচালিত হবে। আরটিজিএসের মাধ্যমে গ্রাহক পর্যায়ের লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত এবং আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংক ও বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
Mily








