চাপের মুখে আমাদের প্রতিক্রিয়া একেক জনের একেক রকম। কেউ রেগে পাল্টা আক্রমণ করতে চান, কেউ চুপচাপ হয়ে যান, আবার কারও প্রথম ইচ্ছে হয় সেখান থেকে সরে যাওয়ার। এসব প্রতিক্রিয়া কোনো দুর্বলতা নয়। এগুলো আমাদের শরীরের স্বাভাবিক স্ট্রেস রেসপন্স, যা বিপদের সময় আমাদের রক্ষা করার জন্যই তৈরি, এমনকি পরিস্থিতি বাস্তবে খুব বিপজ্জনক না হলেও।
রাগে ফেটে না পড়ার কৌশল হলো এই স্ট্রেস রেসপন্সের সঙ্গে লড়াই না করে তাকে বুঝে নেওয়া। মানুষ মূলত টিকে থাকার জন্য প্রোগ্রাম করা। তাই মানসিক অস্বস্তিকেও শরীর অনেক সময় বাস্তব হুমকি হিসেবে ধরে নেয়। সুখবর হলো, একবার আপনি বুঝতে পারলে চাপের সময় শরীর কী করছে, তখন আপনি গতি কমাতে পারেন, অনুভূতিগুলো বুঝে নিতে পারেন এবং সচেতনভাবে নিজের প্রতিক্রিয়া বেছে নিতে পারেন। এই তিনটি উপায় ঠিক সেই মুহূর্তে চাপ সামলাতে সাহায্য করবে, যাতে পরে বলা কোনো কথার জন্য আফসোস করতে না হয়।
প্রথম ধাপ হলো শরীরের সংকেত সম্পর্কে সচেতন হওয়া। কোনো অভ্যাস বদলাতে হলে আগে সেটি চেনা জরুরি। মানসিক চাপের সময় শরীরে কী ঘটছে, সেটি লক্ষ্য করার জন্য নিজেকে একটু সময় দিন। আপনি কি রেগে যান, পরিস্থিতি এড়িয়ে যেতে চান, নাকি কিছুই করতে না পেরে স্থির হয়ে যান। ধরুন, যিনি রেগে কথা বলছেন তিনি আপনার বস। তখন লজ্জা বা চাকরি হারানোর ভয় থেকে আপনি চুপসে যেতে পারেন। লড়াই, পালানো বা স্থির হয়ে যাওয়ার এই প্রতিক্রিয়াগুলো আসে কারণ চাপের পরিস্থিতি শরীরে নানা অনুভূতি ও অস্বস্তি তৈরি করে।
এই অনুভূতিগুলো উপেক্ষা করলে সেগুলো সারাদিন আমাদের সঙ্গে লেগে থাকে। দুশ্চিন্তা মাথার ভেতর ঘোরে, পেশি শক্ত হয়ে যায়, রক্তচাপ বাড়তে পারে। মাথাব্যথা, কাঁধে টান, পেটে অস্বস্তি কিংবা অন্য কোনো শারীরিক সংকেত মানসিক চাপেরই প্রকাশ হতে পারে। তাই পরেরবার আবেগ তীব্র হলে শরীর কী বলছে, সেটি খেয়াল করার চেষ্টা করুন। মনোবিজ্ঞানী ড. কারমেন হারার মতে, মানসিক বিচ্ছিন্নতার একটি চাবিকাঠি হলো যে বিষয়গুলো আপনাকে চাপ দেয়, সেগুলো নিয়ে কম ভাবার অভ্যাস গড়ে তোলা। ক্ষতিকর কল্পনা মাথায় এলে থেমে গিয়ে মনোযোগ অন্যদিকে ফেরাতে পারলে আবেগ ধীরে ধীরে ভারসাম্যে আসে এবং ফলাফলও বদলায়।
দ্বিতীয় উপায় হলো অতিরিক্ত বিশ্লেষণ থামিয়ে অনুভবের দিকে মন দেওয়া। আমরা প্রায়ই জানতে চাই কেন এমন অনুভব করছি, কীভাবে এখানে এলাম। বোঝার চেষ্টা ভালো, কিন্তু বোঝাই সব সময় পরিবর্তন আনে না। অনেকেই বিশ্লেষণের ফাঁদে আটকে যান, বারবার ভাবেন, কিন্তু সেখানেই ঘুরপাক খান। বাস্তবতা হলো, পরিবর্তনের জন্য সব সময় কারণ জানা জরুরি নয়।
ভাবনা থেকে অনুভবে যেতে হলে চিন্তার স্রোত থামিয়ে শরীরের অনুভূতিতে মনোযোগ দিতে হয়। আমরা অনেক সময় অস্বস্তিকর অনুভূতি এড়িয়ে চলতে চাই, কারণ সেগুলো তীব্র হতে পারে। কিন্তু এই অনুভূতিগুলো জমতে জমতে শক্তি শুষে নেয়, মানসিক ও শারীরিক ক্লান্তি বাড়ায়, সম্পর্কেও প্রভাব ফেলে। নিজের এই অভ্যাস ধরতে পারলেই মস্তিষ্কে নতুন পথ তৈরি হয়, জীবনের অভিজ্ঞতাও বদলাতে শুরু করে। মনোচিকিৎসক ক্যাথরিন মাজা বলেন, মাইন্ডফুলনেস চর্চা উদ্বেগ কমাতে কার্যকর, তবে এটি প্রতিদিন চর্চা করতে হয়, যেন প্রয়োজনের সময় শরীর ও মন সেটির ওপর ভরসা করতে পারে।
তৃতীয় এবং সবচেয়ে গভীর উপায় হলো অনুভূতিগুলোকে চলতে দেওয়া এবং শ্বাসের সঙ্গে থাকা। কোনো আবেগ আটকে রাখলে তা জমে যায়। সেই আবেগ আটকে রাখতে আমাদের প্রচুর শক্তি খরচ হয়। একসময় সেই চাপ ভেতরে বিস্ফোরণ ঘটাতে পারে বা হঠাৎ ছোট ঘটনায় অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। দীর্ঘদিন এভাবে চললে মানুষ মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ে, দৈনন্দিন কাজকর্ম করাই কঠিন হয়ে যায়।
অনুভূতিগুলো ঢেউয়ের মতো আসে। সেই ঢেউয়ের সঙ্গে ধীরে, গভীর শ্বাস নিলে শরীরের শক্তি আবার সঠিক পথে প্রবাহিত হয়। অনেক সময় তখনই আমরা অনুভব এড়িয়ে আবার চিন্তায় ফিরে যেতে চাই। কেন এমন লাগছে, কে দায়ী, এসব প্রশ্ন মাথায় আসে। কিন্তু আসল কথা হলো কেন নয়, কীভাবে এখন এই অনুভূতির সঙ্গে থাকা যায়। গবেষণায় দেখা গেছে, ধীর ও নিয়ন্ত্রিত শ্বাস প্রশ্বাস শরীরে স্বস্তি বাড়ায়, উদ্বেগ, রাগ ও বিভ্রান্তি কমাতে সাহায্য করে।
আবেগের সঙ্গে থেকে, শ্বাসের মাধ্যমে সেগুলো প্রক্রিয়াজাত করাই হলো মানসিকভাবে বিকশিত হওয়া। এতে মস্তিষ্কে নতুন সংযোগ তৈরি হয়, অনুভূতির ধরন বদলায় এবং সুস্থ পরিবর্তন আসে। যখন আমরা নিজের সঙ্গে সংযুক্ত হই, তখন সম্পর্কেও সংযোগ গভীর হয়।
সুখী ও সুস্থ জীবন মানে শুধু টিকে থাকা নয়, মানে আবেগগতভাবে বিকশিত হওয়া। তাই পরেরবার কোনো অস্বস্তিকর অনুভূতি এলে সেটিকে অস্বীকার না করে স্বীকার করুন, শরীরের সংকেত শুনুন এবং ধীরে শ্বাস নিন। অনেক সময় এই ছোট্ট বিরতিটুকুই আপনাকে এমন কিছু বলা থেকে বাঁচাবে, যা পরে ফিরিয়ে নিতে ইচ্ছে করবে।
আফরোজা








