ছবি: দৈনিক জনকণ্ঠ।
ঢাকার ধামরাইয়ে পৌর এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন। শনিবার (১৪ মার্চ) পৌর শহরের বিভিন্ন বাজার, পাড়া ও মহল্লায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক এডিস মশার বিস্তার রোধে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, ড্রেন পরিষ্কার এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া প্রতিটি ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ স্প্রে দেয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপি'র সভাপতি ও ঢাকা-২০ এর সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।
প্রধান অতিথি তমিজ উদ্দিন বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে শুধু পৌর প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, এ জন্য সাধারণ জনগণকেও সচেতন হতে হবে। বাড়ির আশপাশে কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ আল মামুন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম নবীসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
পৌর প্রশাসন জানায়, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এম.কে








