ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর

কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি বিধি মোতাবেক ৩ টাকায় টিকিট বিক্রি শুরু

মোহাম্মদ সবুজ খান, কসবা (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত: ১৭:৩৭, ১৪ মার্চ ২০২৬; আপডেট: ১৭:৩৭, ১৪ মার্চ ২০২৬

কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি বিধি মোতাবেক ৩ টাকায় টিকিট বিক্রি শুরু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগের টিকিটে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ নিয়ে জাতীয় দৈনিক  সংবাদ প্রকাশের পর এবার সরকারি নির্ধারিত ৩ টাকাতেই টিকিট বিক্রি শুরু হয়েছে।

শনিবার সকাল থেকে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, আগে যেখানে একটি টিকিটের জন্য ১০ টাকা পর্যন্ত দিতে হতো, সেখানে এখন সরকারি নির্ধারিত ৩ টাকায় টিকিট দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা যায়, বহির্বিভাগের টিকিট কাউন্টারে রোগীদের কাছ থেকে ৩ টাকা করে নেওয়া হচ্ছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।

স্থানীয় কয়েকজন রোগী জানান, দীর্ঘদিন ধরে বহির্বিভাগের টিকিটের নামে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছিল। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে এবং এখন সরকারি নিয়ম অনুযায়ী টিকিট দেওয়া হচ্ছে।

ফাতেমা আক্তার নামে  কজন রোগী বলেন, আগে টিকিট নিতে গেলে ১০ টাকা দিতে হতো। এখন ৩ টাকাতেই টিকিট পাওয়া যাচ্ছে। এতে সাধারণ রোগীরা কিছুটা স্বস্তি পেয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম বলেন, জাতীয় দৈনিক  প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের অনিয়ম না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন, সরকারি নিয়ম অনুযায়ী বহির্বিভাগের টিকিটের মূল্য ৩ টাকা। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর গুরুত্ব সহকারে দেখা হয়েছে এবং নিয়ম অনুযায়ী টিকিট বিক্রি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সচেতন মহল বলছে, গণমাধ্যমের এমন প্রতিবেদন জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে সরকারি স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত তদারকি জোরদারের দাবি জানিয়েছেন তারা।

 

রাজু

×