ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

পাবনার চাটমোহরে চা স্টলে বসে টিভি দেখার সময় গুলি, দুই দিনমজুর গুরুতর আ

নিজস্ব সংবাদদাতা, চাটমোহর, পাবনা:

প্রকাশিত: ১৫:৪৬, ১৩ মার্চ ২০২৬

পাবনার চাটমোহরে চা স্টলে বসে টিভি দেখার সময় গুলি, দুই দিনমজুর গুরুতর আ

ছবি: দৈনিক জনকন্ঠ

পাবনার চাটমোহর উপজেলায় চা স্টলে বসে টেলিভিশন দেখার সময় দুর্বৃত্তদের গুলিতে দুইজন দিনমজুর গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি এলাকার লালনের মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি দক্ষিণপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে নাঈম হোসেন (৪০) এবং মৃত রমজান আলীর ছেলে সাজেদুল ইসলাম (৪২)। তারা দুজনেই পেশায় দিনমজুর।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ইফতার শেষে লালনের মোড়ে রাজ্জাকের চা স্টলে বসে টেলিভিশন দেখছিলেন নাঈম হোসেন ও সাজেদুল ইসলাম। এ সময় মুখোশধারী অজ্ঞাত তিন দুর্বৃত্ত হঠাৎ সেখানে এসে অতর্কিতভাবে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে সাজেদুল ইসলামের হাতে এবং নাঈম হোসেনের তলপেটে গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে তারা মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের শারীরিক অবস্থার অবনতি হলে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. খন্দকার নাফিস সাদিক জানান, গুরুতর রক্তাক্ত অবস্থায় দুইজন হাসপাতালে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফএ

×