ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

কর্মকর্তা-কর্মচারীরা কাজে যোগ দিলে ৫ দিনের মধ্যে চালু হবে সার্ভিস ॥ এমডি

কর্মবিরতির কারণে চালু করা যাচ্ছে না মেট্রোরেল

ইবরাহীম মাহমুদ আকাশ

প্রকাশিত: ০০:২১, ১৮ আগস্ট ২০২৪

কর্মবিরতির কারণে চালু করা যাচ্ছে না মেট্রোরেল

কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতির কারণে চালু হচ্ছে না মেট্রোরেল সার্ভিস

সকল প্রস্তুতি সম্পন্ন হলেও কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতির কারণে চালু হচ্ছে না মেট্রোরেল সার্ভিস। তাই যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীবাসীর। বেতন বৈষম্য দূর করতে ছয় দফা দাবি আদায়ে গত ৮ আগস্ট থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তা ও কর্মচারীরা। তবে বর্তমানে ডিএমটিসিএলের বোর্ডসভা না থাকায় ছয় দফা দাবি নিয়ে আলোচনা করা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানায়।  
তাদের দাবিগুলো হলো- সব গ্রেডে একই রকম বেতন কাঠামো, যা জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ২ দশমিক ৩ গুণ হারে যোগদানের তারিখ থেকে বকেয়াসহ দিতে হবে; চাকরিতে যোগদানের তারিখ থেকে বকেয়াসহ সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড (সিপিএফ) সুবিধা দিতে হবে; অন্য সব সরকারি মালিকানাধীন কোম্পানি ও অন্যান্য দেশের মেট্রোর পদ্ধতির সঙ্গে সমন্বয় করে পদোন্নতির ব্যবস্থা চালু এবং সব ধরনের ভাতা সংবলিত সার্ভিস রুলস দ্রুত সময়ের মধ্যে দিতে হবে; শিক্ষানবিসকাল শেষে স্থায়ীকরণ করতে হবে; স্টেশন ও ডিপোসহ সব স্থানে পর্যাপ্ত নিরাপত্তাসহ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে হবে; এবং কর্মক্ষেত্রে স্বৈরাচারী মনোভাব ও বৈষম্যমূলক আচরণ এবং ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ ঘটানো যাবে না।

মেট্রোরেল সূত্র জানায়, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)। এই কোম্পানি পরিচালনার জন্য রয়েছে ১০ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ। দেশে অন্তর্বর্তীকালানী সরকার গঠিত হলেও এখনো ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) বোর্ড সভা গঠিত হয়নি।

ইতোমধ্যে বোর্ড সভায় সাবেক চেয়ারম্যান সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরীর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। তাই ডিএমটিসিএলের কর্মকর্তা ও কর্মচারীদের দাবিগুলো বোর্ড সভায় অনুমোদন হতে হবে। নতুন বোর্ড সভা গঠিত হলেই তাদের দাবিগুলো নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।
এ বিষয়ে শনিবার তিনি মুঠোফোনে জনকণ্ঠকে বলেন, ‘মেট্রোরেলের অপারেশন বিভাগের মধ্যম সারির কর্মকর্তাদের কর্মবিরতির কারণে মেট্রোরেল চালু করা যাচ্ছে না। তাদের দাবিগুলো যৌক্তিক। এই দাবিগুলো বিষয়ে ডিএমটিসিএলের বোর্ড সভায় আলোচনা করা হবে। কিন্তু নতুন সরকারে এখনো বোর্ড সভা গঠিত হয়নি।

আগের বোর্ড সভায় চেয়ারম্যানে তাদের আশ^স্ত করেছিলেন তাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। কিন্তু তারপরও কর্মকর্তারা কাজে যোগ দেয়নি।’ মেট্রোরেল অপারেশন বিভাগের মধ্যম সারির এই কর্মকর্তারা কাজের যোগ দেওয়ার ৫ দিনের মধ্যে মেট্রোরেল চালু করা যাবে বলে জানান তিনি। 
ডিএমটিএলের সূত্র জানায়, কোনো টেকনিক্যাল বিষয়ের কারণে মেট্রোরেল চলাচলে এই দেরি হচ্ছে না। মূলত ডিএমটিসিএলের ১০ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের কর্মবিরতির কারণে গত শনিবার মেট্রোরেল চলাচল করা সম্ভব হচ্ছে না। এর আগে গত ৮ আগস্ট মেট্রোরেলের উত্তরা ডিপোর সামনে এক মানববন্ধনে বৈষম্য দূরীকরণের ব্যানারে ডিএমটিসিএলের ১০ থেকে ২০তম গ্রেড পর্যায়ের ৭০০ এরও বেশি কর্মচারী ছয় দফা দাবি আদায়ে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন।

তবে গত ৬ তারিখ থেকে তারা বেতন বৃদ্ধিসহ কয়েকটি দাবি জানিয়ে আসছিলেন। তাদের মানববন্ধনের পর কয়েক দফা মিটিংয়ে মাধ্যমে তাদের দাবি মেনে নেওয়া হয় ও কাজে যোগদানের অনুরোধ করে কর্তৃপক্ষ। কিন্তু তারা এখনই লিখিত চায়। তবে ডিএমটিএল সূত্র বলছে, বোর্ড মিটিং ছাড়া সেটা করার এখতিয়ার কারোর নেই। তাই এখনো ঝুলে আছে তাদের দাবিগুলো।
এর আগে গত জুলাই মাসে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের  ডাকা আন্দোলনের সুযোগ নিয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালায় দুর্বৃত্তরা। ১৯ জুলাই তারা হামলা চালিয়েছে মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনে। এর আগে সহিংসতা ছড়িয়ে পড়লে ১৭ জুলাই বিকেল থেকে বন্ধ রাখা হয় মেট্রোরেল চলাচল। আর এই প্রেক্ষাপটে ২০ জুলাই সকালে জরুরি মেরামতের প্রয়োজনে এবং জনগণের জানমালের নিরপত্তার স্বার্থে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করে ডিএমটিসিএল।
তবে কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও যাত্রীবিহীন পরিচালনা পরীক্ষা শেষে ডিএমটিসিএলকে মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন ছাড়া অপর ১৪টি স্টেশন দিয়ে মেট্রোরেল পুনরায় চালু করতে মেট্রোরেল সিস্টেম ও মেট্রো ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করতে হবে।
তাই গত ১৫ আগস্ট মেট্রোরেল পরিচালনা প্রতিষ্ঠান  ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সচিব মোহাম্মদ আবদুর রউফের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে কারিগরি পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার গত ১১ আগস্ট মেট্রোরেল চলাচলের জন্য প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা শেষে ৭ দিনের মধ্যে মেট্রো চালুর নির্দেশনা দিয়েছিল।

কিন্তু অনিবার্য কারণে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা এখনো শুরু করা সম্ভব হয়নি। এ অবস্থায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে মেট্রোরেল পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না বলে ডিএমটিসিএল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

×