ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

ফরিদপুরের ভাঙ্গায় রাতের অন্ধকারে টর্চ জ্বালিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৫

অভিজিৎ রায়, নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর 

প্রকাশিত: ০২:৩২, ৫ মে ২০২৫; আপডেট: ০২:৩২, ৫ মে ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় রাতের অন্ধকারে টর্চ জ্বালিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৫

ছবিঃ প্রতীকী অর্থে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপট্টি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুই দলের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে কুদ্দুস মোল্লা (৫৫) নামে একজন নিহত হয় এবং আহত হয় আরও ২৫জন। 

রবিবার (৪ মে) রাত ৮ টা থেকে গভীর রাত পর্যন্ত এই সংঘর্ষ চলে। আহতদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত কুদ্দুস মোল্লা পশ্চিম মকরমপট্টি গ্ৰামের হাজী হামেদ মোল্লার ছেলে।

জানা গেছে, ঘারুয়া ইউনিয়নের পশ্চিম মকরমপট্টি গ্রামের দবির মাতুব্বরের সাথে বজলু মুন্সির গ্রুপের লোকজনের মাঝে পূর্ব শত্রুতা ছিল। রোববার(৪ মে) সন্ধ্যায় গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী সোলেমান নামের এক যুবকের উস্কানিমূলক কথা বলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। রাত ৮ টার দিকে এই দুই গ্রুপের লোকজন টর্চ লাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু করে। সংঘর্ষ এর সময় ধারালো অস্ত্রের আঘাতে কুদ্দুস মোল্লা ঘটনাস্থলেই মারা যায়। এসময় উভয় পক্ষের ২৫ জন আহত হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে সংঘর্ষ এর আশংকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ইমরান

×