ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

বিস্ফোরক দ্রব্য আইনে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে 

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

প্রকাশিত: ১৯:০১, ১৭ আগস্ট ২০২৪

বিস্ফোরক দ্রব্য আইনে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে 

মেশ চন্দ্র সেন

ঠাকুরগাঁওয়ে ছাত্র আন্দোলনে বিস্ফোরক ব্যবহারসহ দেশীয় বিভিন্ন অস্ত্র ব্যবহার করে আন্দোলন দমানোর জন্য নেতাকর্মীদের নির্দেশ প্রদানের অভিযোগে প্রাক্তন খাদ্যমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ঠাকুরগাঁও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত।

শনিবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় রমেশ চন্দ্র সেনকে সদর থানা পুলিশ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায়ের আদালতে তোলা হলে এ নির্দেশ দেন তিনি। পরে তাকে ঠাকুরগাঁও কারাগারে নিয়ে যাওয়া হয়।

এর আগে গতকাল শুক্রবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় রমেশ চন্দ্র সেনের নিজ বাড়িতে পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ হেফাজতে নিয়ে আসেন। পরে আজ শনিবার বিকালে বিস্ফোরক দ্রব্য আইনের ৩ ধারা মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে তোলা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ সময় তার পক্ষের কোন আইনজীবী ছিল না।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ  বলেন, ‘১৬ আগস্ট ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়ার বাসিন্দা মো. রিপন ওরফে বাবু বাদী হয়ে মামলা দায়ের করেন।’

পুলিশ জানায়, শুক্রবার রাতে সাদা পোশাকে পুলিশ রমেশ চন্দ্র সেনকে আটক করে। তিনি অসুস্থ থাকায় রিমান্ড চাওয়া হয়নি। পরে রিমান্ডের আবেদন করা হবে।’

রমেশ চন্দ্র সেনের স্ত্রী অঞ্জলি সেন অভিযোগ করে বলেন, ‘সাদা পোশাকে পুলিশের ১০-১৫ জনের একটি দল তাকে তুলে নিয়ে যায়। তারা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য হতে পারেন। রমেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে কিছু বলেননি তারা। সবার কাছে অস্ত্র ছিল। রমেশকে তারা বলেন ওঠেন-চলেন। তারা হাত ধরে জোর করে টেনে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে যাবেন বারবার জিজ্ঞেস করেছি, কিন্তু তারা কিছু বলেনি।’

এম হাসান

×