ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে সোমবার ব্যস্ত সময় কাটিয়েছেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ) আসনের বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান মোল্লা। দিনভর বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা, হাটবাজারে গণসংযোগ, মিছিল ও একাধিক পথসভায় অংশ নেন তিনি।
প্রচারণাকালে সেলিমুজ্জামান বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার মানুষের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সার্বিক কল্যাণে কাজ করবেন। একই সঙ্গে নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রানি বন্ধ, নারীর ক্ষমতায়ন, নারীদের শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেন।
মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ নিয়ে গঠিত গোপালগঞ্জ-১ আসনে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রার্থীরা প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন। তবে এবারের নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। এ আসনে বিএনপির সেলিমুজ্জামান মোল্লা ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের মুহাম্মাদ আবদুল হামীদ, ইসলামী আন্দোলনের মিজানুর রহমান, জাতীয় পার্টির সুলতান জামান, গণ অধিকার পরিষদের কাবির মিয়া এবং সিপিবির নীরদ রবন মজুমদার। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন আশরাফুল আলম, এম আনিসুল ইসলাম ও কাইউম আলি খান।
সেলিমুজ্জামান সেলিম ২০০৮ সালে বিএনপির মনোনয়নে প্রথমবারের মতো গোপালগঞ্জ-১ আসনে সংসদ নির্বাচনে অংশ নেন। এরপর থেকে তিনি এলাকায় সক্রিয়ভাবে রাজনীতি করে আসছেন। নির্বাচনী প্রচারণায় তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি ও এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন।
কাশিয়ানী উপজেলার মাঝিগাতী গ্রামে তাঁর বাড়ি। সোমবার সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নিজ বাসভবনে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে মুকসুদপুর ও কাশিয়ানী থেকে আগত নির্মাণশ্রমিক সংগঠনের নেতা-কর্মী এবং বাস মালিক সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে বৈঠক করেন।
এরপর কাশিয়ানী উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন সেলিমুজ্জামান। হাটবাজার ও চায়ের দোকানে বসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং লিফলেট বিতরণ করেন।
বেলা সাড়ে ১১টার দিকে নেতা-কর্মীদের নিয়ে মিছিল বের করেন তিনি। মিছিলটি ভাটিয়াপাড়া হয়ে রাতইল ইউনিয়নে পৌঁছালে সেখানে এক পথসভায় বক্তব্য দেন। পরে কাশিয়ানী হয়ে সাজাইল ও মহেশপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মতবিনিময় করেন।
বিকেল সাড়ে ৫টায় মুকসুদপুর পৌরসভার জনসভা এবং সন্ধ্যা পৌনে ৭টায় মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম বাজার মাঠে অনুষ্ঠিত জনসভায় অংশ নেন বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিম।
নোভা








