ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

ঢামেকে ডেডিকেটেড কেয়ার ইউনিট

বিনামূল্যে চিকিৎসা পাবেন আন্দোলনে আহতরা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:১৮, ১৮ আগস্ট ২০২৪

বিনামূল্যে চিকিৎসা পাবেন আন্দোলনে আহতরা

বিনামূল্যে চিকিৎসা পাবেন আন্দোলনে আহতরা

কোটাবিরোধী আন্দোলন ও বিগত সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করতে গিয়ে আহত হয়েছেন শিক্ষার্থীসহ অনেক সাধারণ মানুষ। যারা বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সুচিকিৎসার লক্ষ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশেষায়িত ডেডিকেটেড কেয়ার ইউনিট গঠন করা হয়েছে। এতে আহতদের সর্বোচ্চ স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।

একইসঙ্গে অন্যান্য সরকারি হাসপাতালে চিকিৎসারত আহতদের সবাইকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ইতোমধ্যে যদি কোনো রোগীর কাছ থেকে টাকা গ্রহণ করা হয়ে থাকে তাহলে তা ফেরত দেওয়ারও আহ্বান জানানো হয়েছে। 
শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামানের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে আহত চিকিৎসাধীন ছাত্র-জনতার চিকিৎসা সেবা নিশ্চিতে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তগুলো হলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের সুচিকিৎসার জন্য বিশেষায়িত ডেডিকেটেড কেয়ার ইউনিট তৈরি করে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে, আহত ছাত্র-জনতা বিভিন্ন ধরনের ইনজুরিতে ভুগছেন এবং তাদের এমন অনেকে রয়েছেন। তাদের অস্ত্রোপচার পরবর্তী সংক্রমণের প্রবল ঝুঁকি রয়েছে।

এই সংক্রমণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের জন্য বিশেষায়িত ডেডিকেটেড কেয়ার ইউনিটগুলোতে কেবলমাত্র বিশেষায়িত কনসালটেন্ট বা চিকিৎসক, নার্সরা এবং রোগীর বৈধ প্রতিনিধি ছাড়া অন্য কাউকে প্রবেশ করানো যাবে না এবং এসব বিশেষায়িত ডেডিকেটেড কেয়ার ইউনিটগুলোতে সংশ্লিষ্ট পরিচালক সার্বক্ষণিক নজরদারি করবেন। একইসঙ্গে সংক্রমণ নিয়ন্ত্রণে এই ইউনিটে রোগীর স্বজন বা বৈধ প্রতিনিধির পরিচালকের অনুমতি ছাড়া প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। 
একই দিন অন্য এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের বিনামূল্যে সুচিকিৎসা ব্যবস্থা করা হবে এবং যাবতীয় চিকিৎসা ব্যয় সরকার বহন করবে। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসা বিল গ্রহণ না করার জন্য অনুরোধ জানানো হয়। প্রয়োজনে এসব বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতার সব বিল সরকার বহন করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ব্যাপারে অনুসন্ধান করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে একটি কমিটি গঠন করেছে। এই কমিটির সদস্যগণ তাদের কর্মপন্থা নির্ধারণ করতে আজ রবিবার একটি বৈঠকে মিলিত হবেন।

×