সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে আজ
দীর্ঘ অপেক্ষার পর সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে আজ। রবিবার সারাদেশে পাবলিক-প্রাইভেট ভার্সিটিসহ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে চালু হবে শ্রেণি কার্যক্রম। এর ফলে দেড় মাস অপেক্ষার পর শিক্ষা ব্যবস্থা স্বাভাবিক হয়ে আসছে। যদিও শিক্ষকরা বলছেন, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) নির্দেশনার পর স্কুলগুলো খোলা ছিল। কয়েক জায়গায় বিচ্ছিন্নভাবে শ্রেণি কার্যক্রমও চলেছে, তবে শিক্ষার্থী উপস্থিতি ছিল খুব কম। শিক্ষকদের আশা, রবিবার থেকে স্কুলগুলো আবারও শিক্ষার্থীদের বিচরণে মুখরিত হবে।
এর আগে গত বৃহস্পতিবার সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। অফিস আদেশে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে ১৮ আগস্ট থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো।
পুরান ঢাকার কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক আল নাহিয়ান জানান, মন্ত্রণালয়ের নির্দেশনার আগ থেকেই স্কুলগুলো খোলা ছিল। ক্লাস চললেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। এই শিক্ষকের আশা, নতুন নির্দেশনার কারণে স্কুলগুলো আবারও আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাস জনকণ্ঠকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা না থাকায় কোনো কলেজেই ক্লাস পরীক্ষা নেওয়া যাচ্ছিল না। অবশেষে নির্দেশনা আসায় ক্লাসগুলোতে প্রাণ ফিরবে।
এদিকে ১ জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির কারণে সব পর্যায়ের একাডেমিক কার্যক্রম স্থগিত ছিল। বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সড়কে ছিল অসংখ্য শিক্ষার্থী।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পরিচালক ওমর ফারুক জনকণ্ঠকে জানান, রবিবার থেকে পাবলিক ও বেসরকারি সব পর্যায়ে শ্রেণি কার্যক্রম শুরু হবে। সেশনজট এড়াতে দ্রুত পরীক্ষার সূচিও প্রকাশ করবে বিশ্ববিদ্যালয়গুলো। ইতোমধ্যে তারা প্রস্তুতির জন্য কার্যক্রমও শুরু করেছে।
তবে আগেভাগেই প্রাথমিক বিদ্যালয়ে কর্মচঞ্চলতা ফিরেছে। গত বুধবার থেকে প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের পুরোদমে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে।
জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ জনকণ্ঠকে জানান, এতদিন আমাদের স্কুলগুলো খোলা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতির কারণে শ্রেণি কার্যক্রম স্বাভাবিক ছিল না। এ কারণে আমরা আদেশ দিয়েছি বুধবার থেকে পুরোদমে স্কুলগুলোতে শ্রেণি কার্যক্রম শুরু করার। সে অনুযায়ী ক্লাস হচ্ছে।








