ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

সাভারে একটি কারখানায় তৈরি করা হচ্ছিল নকল শিশুখাদ্য, প্রতিষ্ঠান সিলগালা

কামরুল হাসান রুবেল, সাভার, ঢাকা

প্রকাশিত: ০২:৩৪, ১১ মার্চ ২০২৬

সাভারে একটি কারখানায় তৈরি করা হচ্ছিল নকল শিশুখাদ্য, প্রতিষ্ঠান সিলগালা

ছবি: জনকণ্ঠ

সাভারের আশুলিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে জুস ও শিশু খাদ্য উৎপাদনের দায়ে একটি কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় কারখানাটি সিলগালা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ মালামাল জব্দ করে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১০ মার্চ) আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় অবস্থিত ‘উমাই ফুড অ্যান্ড বেভারেজ’ নামক একটি অবৈধ জুস ও শিশু খাদ্য তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার। 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার  জানান, দীর্ঘদিন ধরে বাড়ইপাড়া এলাকায় অবৈধভাবে একটি জুস ও শিশু খাদ্য তৈরির কারখানা পরিচালিত হচ্ছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‍‍্যাবের সহায়তায় অবৈধ কারখানায়  অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জুস ও বিএসটিআইয়ের অনুমোদনবিহীন শিশু খাদ্য জব্দ করা হয়েছে। এই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি কারখানাটি বন্ধ করে সিলগালা করা হয়েছে এবং মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযান চলাকালে পুলিশ ও র‍‍্যাব-৪ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

শহীদ

×