ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

বাঞ্ছারামপুরে সাংবাদিকের ওপর যুবদল নেতার হামলা, থানায় অভিযোগ

মোঃ খোকন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া 

প্রকাশিত: ০১:৫৫, ১১ মার্চ ২০২৬

বাঞ্ছারামপুরে সাংবাদিকের ওপর যুবদল নেতার হামলা, থানায় অভিযোগ

ছবি: জনকণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তথ্য সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে বাংলা টিভির সাংবাদিক মোঃ ফয়সালের ওপর হামলা ও তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর আনুমানিক দেড়টার দিকে জগন্নাথপুর আধুনিক অডিটোরিয়ামে সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তথ্য সংগ্রহ শেষে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে অভিযুক্ত যুবদল নেতা আতিকুর রহমান লিটন (৪০) তার পথরোধ করেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ভিটি ঝগড়ারচর এলাকার বাসিন্দা ও বাংলা টিভির বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. ফয়সাল আহমেদ (৩২)। অভিযোগে বলা হয়, লিটন হঠাৎ করেই সাংবাদিক ফয়সালের হাতে থাকা স্মার্টফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে শুরু করেন।

এ সময় তিনি সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন করেন এবং ভবিষ্যতে এলাকায় তথ্য সংগ্রহ করতে গেলে প্রাণনাশের হুমকিও দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলার সময় আশপাশের লোকজন এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ভুক্তভোগী সাংবাদিক ফয়সাল আহমেদ জানান, অভিযুক্ত ব্যক্তি এলাকায় প্রভাবশালী ও উচ্ছৃঙ্খল প্রকৃতির হওয়ায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, আমি পেশাগত দায়িত্ব পালন করে অনুষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করে ফিরছিলাম। কোনো কারণ ছাড়াই আমার পথরোধ করে হামলা ও মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে।

ঘটনার পর তিনি বাঞ্ছারামপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত বাঞ্ছারামপুর সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান লিটন বলেন, সাংবাদিক ফয়সাল আওয়ামী লীগের দোসর। এছাড়া সে আমার ফ্যামিলি বিষয় নিয়ে রিপোর্টিং করার নামে ডিস্টার্ব করেছে। এক পর্যায়ে তিনি নিজেকে নতুন সাংবাদিক বলে দাবি করেন। তবে মারধরের বিষয়টিও স্বীকার করেন ওই যুবদল নেতা।

এ বিষয়ে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শহীদ

×