শুভেচ্ছা বিনিময় করছেন মাহফুজুর রহমান রাব্বি (ডানে) ও শামিম পাটোয়ারি
সেরা চারের দৌড়ে টিকে থাকতে জিততেই হবে, এমন কঠিন সমীকরণের ম্যাচে পার্থ স্কর্চার্সকে ৩ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি২০ সিরিজের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি) হাই-পারফর্ম্যান্স (এইচপি) একাদশ। শনিবার ডারউইনের মারারা স্টেডিয়ামে ম্যাচসেরা টিগ ওয়েলির (৫৬) হাফসেঞ্চুরির সৌজন্যে ৫ উইকেটে ১২৯ রানের স্কোর গড়ে বিগ ব্যাশের দল পার্থ।
জবাবে ৭ উইকেট হারিয়ে ৩ বল বাকি থাকতে জয়ের বন্দরে পা-রাখে আকবর আলির এইচপি (১৩০/৭)। প্রায় হারতে বসা ম্যাচে দারুণ এই জয়ের নায়ক মাফফুজুর রহমান রাব্বি। আট নম্বরে নেমে মাত্র ১৩ বলে ২ চার ও ২ ছক্কায় অপরাজিত ৩২ রানের টর্নেডো ইনিংস উপহার দিয়েছেন বাঁহাতি এ স্পিনিং-অলরাউন্ডার। সেমিতে আজ এইচপির প্রতিপক্ষ স্থানীয় নর্দান টেরিটরি ক্রিকেট টিম।
প্রথম পর্বে ছয় ম্যাচে বিসিবি এইচপির তৃতীয় জয় এটি। নয় দলের আসরে তিন নম্বরে থেকে সেরা চারের টিকিট পেল আকবররা। রান তাড়ায় শুরুতেই পেসার ম্যাথু কেলির তোপের মুখে পড়ে বাংলাদেশ। ১ রান করে আউট হন ওপেনার তানজিদ হাসান। রানের খাতা খুলতে পারেননি পারভেজ হোসেন ইমন (০)। গোটা আসরে ব্যর্থতার বৃত্তে বন্দি আফিফ হোসেনের জায়গায় সুযোগ পাওয়া আরিফুল ইসলামও (২) এদিন ব্যর্থ হন।
৬ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১৫ রান! বিপর্যয় আর বাড়তে দেননি জিসান আলম ও আকবর আলি। প্রতিরোধ গড়ে চতুর্থ উইকেটে তারা গড়েন ৩২ বলে ৩৯ রানের জুটি। একাদশ ওভারে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফেরেন ওপেনার জিসান (২ চারে ২৬ বলে ২৬ রান)। দুই ওভার পর আকবর ফিরলে বিপদ আরও বাড়ে। ১ চার ও ৩ ছক্কায় ৩২ বলে ৩৫ রান করেন এইচপি অধিনায়ক। মাহফুজুরের আগে নেমে আবু হায়দারও (৭) সুবিধা করতে পারেননি।
জয়ের জন্য ৩ ওভারে প্রয়োজন ৩৬ রান। দায়িত্ব নেন আট নম্বরে নামা মাহফুজুর। আগের দিন চল্লিশছোঁয়া ইনিংস খেলা তরুণ অলরাউন্ডার এদিন কিটোন ক্রিচেলের বলে লং-অন দিয়ে মারেন প্রথম ছক্কা। পরের বলে স্কয়ার কাটে আরও একটি। শামীমের সঙ্গে মাহফুজুরের জুটিতে মাত্র ১৫ বলে আসে ৩১ রান।
শেষ ওভারে বাকি থাকা ৮ রানের মধ্যে প্রথম বলেই বাউন্ডারি মারেন মাহফুজুর। পরের দুই বলে শেষ হয়ে যায় ম্যাচ। এর আগে পার্থকে সীমার মধ্যে বেঁধে রাখার কারিগর পেসার রিপন ম-ল এবং স্পিনার রাকিবুল হাসান দুজনেই নেন ২টি করে উইকেট। আবু হায়দার ১।








