অনুশীলনে বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিম
টেস্ট সিরিজের প্রস্তুতি ভালোভাবে সারতে কিছুটা আগেভাগেই পাকিস্তান সফরে যায় বাংলাদেশ ক্রিকেট দল। সেই প্রস্তুতি যাতে যথাযথ হয় সেজন্য বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৬ জন টেস্ট ক্রিকেটার প্রথম চারদিনের ম্যাচ খেলতে পাকিস্তান যান। এর মধ্যে ছিলেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাঈম হাসান, হাসান মাহমুদরা। ইতোমধ্যে পাকিস্তান শাহীন্সের বিপক্ষে প্রথম ৪ দিনের ম্যাচ শেষ হয়েছে।
কিন্তু এই ম্যাচে ডান কুঁচকির ইনজুরিতে পড়েছেন ফর্মে থাকা মাহমুদুল এবং সেরে উঠতে ৩ সপ্তাহ সময় লাগবে। তাই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলা হচ্ছে না তার। এমনকি ম্যাচটি চলাকালীন নেট সেশনে ব্যাটিং করতে গিয়ে আঙুলে আঘাত পান অভিজ্ঞ মুশফিক। তবে নিজেই জানিয়েছেন প্রথম টেস্টের আগেই সেরে উঠবেন তিনি। মুশফিক দাবি করেছেন, আগেভাগে পাকিস্তানে আসাটা টেস্ট সিরিজে নামার আগে উপকারী হয়েছে। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট মাঠে গড়াবে।
ইসলামাবাদে পাকিস্তান শাহীন্সের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ৪ দিনের ম্যাচটিতে চরম ব্যাটিং বিপর্যয় দেখা যায়। মুশফিক, মুমিনুল প্রথম ইনিংসে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তবে ওপেনার মাহমুদুল দারুণ ব্যাটিং করে ৬৫ রানের ইনিংস খেলেন। মুমিনুল ছাড়া বাকি দুইজন দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিংয়ে নামেননি। কারণ ফিল্ডিং করার সময় মাহমুদুল কুঁচকিতে আঘাত পান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, মাহমুদুলের সুস্থ হতে ৩ সপ্তাহ সময় লাগবে। সে কারণে তার পাকিস্তান সফরে আর কোনো ম্যাচই খেলা সম্ভব হবে না। ‘এ’ দলের হয়ে প্রথম ম্যাচ খেলার পর টেস্ট দলের সঙ্গে তার যোগ দেওয়ার কথা। এখন দেশে ফিরতে হবে। তার পরিবর্তে কাউকে নেওয়া হবে কিনা তা জানা যাবে আজ।
এদিকে শাহীন্সের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেননি মুশফিকও। তিনি ম্যাচ চলাকালীন দলের নেট সেশনে আঙুলে আঘাত পেয়েছেন। তাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামেননি। এ বিষয়ে মুশফিক এক ভিডিও বার্তায় বলেছেন, ‘দ্বিতীয় ইনিংসের আগে নেটে আমি আঙুলে ব্যথা পেয়েছিলাম। তাই ব্যাটিং করিনি। আশা করি, দ্রুতই সেরে উঠব এবং প্রথম টেস্ট খেলব।’ ২১ আগস্ট শুরু হবে প্রথম টেস্ট। সেই ম্যাচে মুশফিকের মতো অভিজ্ঞ ক্রিকেটার বাংলাদেশ দলের জন্য অপরিহার্য।
এবার টেস্ট সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের অবশ্য বেশ আগে পাকিস্তানে গিয়ে অনুশীলন করার সুযোগ হয়েছে। এতে টেস্টের আগে প্রস্তুতি কতখানি ভালো হয়েছে সে বিষয়ে মুশফিক বলেছেন, ‘আমাদের সামনে কয়েকটি টেস্ট ম্যাচ আছে। এই স্কোয়াড থেকে যারা ওই দলে যোগ দেবে, নিশ্চিতভাবেই এটি সাহায্য করবে। কারণ অন্যরা আসার আগেই আমরা এখানে এসে কিছু অনুশীলন সেশন করতে চেয়েছিলাম।
আশা করি, এটি আমাদের জন্য উপকারী হবে।’ অবশ্য ইসলামাবাদে ‘এ’ দলের ক্রিকেটারদের অনুশীলন ও ম্যাচে ভারি বৃষ্টি বাধা সৃষ্টি করেছে। এ বিষয়ে মুশফিক বলেছেন, ‘কয়েক দিন ভারি বর্ষণের কারণে ম্যাচটা বাধাপ্রাপ্ত হয়েছে। আমরা যথাযথ অনুশীলন করতে পারিনি। প্রথম কয়েক দিনে শুধু একটি নেট সেশন হয়েছিল। তো এটিও আদর্শ নয়। তবে মাঠে আমরা সেরাটা দিয়ে চেষ্টা করেছি।’
শাহীন্স মূলত পাকিস্তানের ‘এ’ দল যেখানে প্রথম ৪ দিনের ম্যাচে টেস্ট দলের মির হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরায়রা, নাসিম শাহ, সাইম আইয়ুব, সরফরাজ আহমেদ এবং সৌদ শাকিল। প্রথম টেস্টের দল থেকে আবরার আহমেদ ও কামরান গুলামকে বাদ দিয়ে শাহীন্সের দ্বিতীয় ৪ দিনের ম্যাচের দলে রাখা হয়েছে। অর্থাৎ শক্তিধর দলের বিপক্ষেই খেলতে হয়েছে বাংলাদেশকে।
এ বিষয়ে মুশফিক বলেছেন, ‘আমার মতে, পাকিস্তান শাহীন্স অনেক ভালো খেলেছে। আমাদের ‘এ’ দলে কয়েকজন তরুণ ছেলে আছে। আমি নিশ্চিত তারা এখন থেকে অনেক শিখতে পেরেছে।’ দ্বিতীয় ৪ দিনের ম্যাচও চ্যালেঞ্জিং হবে বাংলাদেশ ‘এ’ দলের জন্য। কারণ সেখানে ইমাম উল হকের মতো ক্রিকেটারকেও নেওয়া হয়েছে।








