ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

প্রথম ম্যাচেই আজ চেলসির বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটির অগ্নিপরীক্ষা

কষ্টের জয়ে শুরু ম্যানইউ লিভারপুলের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৩৫, ১৮ আগস্ট ২০২৪

কষ্টের জয়ে শুরু ম্যানইউ লিভারপুলের

জয়সূচক গোলদাতা জির্কজি জসুয়াকে ঘিরে ম্যানইউ ফুটবলারদের আনন্দ

কষ্টের জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুল। শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে হারিয়েছে ফুলহ্যামকে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে রেড ডেভিলদের হয়ে জয়সূচক গোলটি করেন ডাচ স্ট্রাইকার জশুয়া জির্কজি।

এ ছাড়া শনিবার প্রিমিয়ার লিগে ফেরা ইপসুইচ টাউনকে পরাজিত করতেও ঘাম ঝরেছে লিভারপুলের। ম্যাচের প্রথম ৬০ মিনিট পর্যন্ত কোনো গোলের দেখা না পাওয়া অলরেডরা শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে। ডিয়েগো জোতা আর মোহাম্মদ সালাহর সৌজন্যে জয় দিয়েই নতুন মৌসুমের মিশন শুরু করলেন জার্গেন ক্লপের উত্তরসূরি আর্নে স্লট।

ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। অথচ ২০১২-১৩ মৌসুমের পর আর লিগ শিরোপা জয়ের স্বাদ পায়নি তারা। গত মৌসুমেও টেবিলের ৮ নম্বরে থেকে প্রিমিয়ার লিগের প্রতিযোগিতা শেষ করে এরিক টেন হ্যাগের দল। তবে চলতি মৌসুমে স্বরূপে ফেরার প্রত্যয় নিয়ে মাঠে নামে রেড ডেভিলরা।

শুক্রবার ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে শুরুটা ভালো করতে না পারলেও শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়েই ম্যাচ শেষ করে টেন হ্যাগের দল। রেফারির শেষ বাঁশি বাজানোর মাত্র তিন মিনিট আগে এদিন জয়সূচক একমাত্র গোলটি করেন জির্কজি। 
কাসেমিরোর কাছ থেকে বল পেয়ে দারুণ ক্রস করেন আলেজান্দ্রো গারানচো। এরপরই বাকি কাজটা করেন ৬১ মিনিটে বদলি নামা জির্কজি। এর কিছুক্ষণ পরই ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ পেয়েছিল ম্যানইউ। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় এরিক টেন হ্যাগের শিষ্যরা। তবে একমাত্র গোল করে দলের জয়ে ভূমিকা রেখে অভিষেকটাকে রাঙিয়েই নিলেন জশুয়া জির্কজি। 
২৩ বছর বছর বয়সী এই ডাচ ফুটবলারকে গত মাসেই ৪ কোটি ৭০ লাখ ডলারে বোলোগনা থেকে দলে ভেড়ায় ইউনাইটেড। অভিষেকেই দলের জয়ে ভূমিকা রেখে দারুণ খুশি জির্কজি। ম্যাচের শেষে তিনি বলেন, ‘ঘরের মাঠে নিজের প্রথম ম্যাচেই গোল এবং জয় পাওয়া, এর চেয়ে ভালো কিছু হতে পারত না। আমাকে বলা হয়েছিল এখানে (ওল্ড ট্র্যাফোর্ড) গোল পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সবচেয়ে সেরা অনুভূতি। আমি ভাগ্যবান যে প্রথম ম্যাচেই সে অভিজ্ঞতা লাভ করেছি। এই অনুভূতি দুর্দান্ত।’ 
এদিকে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি মাঠে নামছে আজ। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ শক্তিশালী চেলসি। স্ট্যামফোর্ডব্রিজে সিটিজেনদের আতিথ্য দিবে ব্লুজরা। দিনের আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস।

×